ইউক্রেনকে ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট দেবে যুক্তরাজ্য, সতর্ক করল রাশিয়া
ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। সোমবার কিয়েভে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১৮:২৮
ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোমবার কিয়েভে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এ সময় তিনি ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
যুক্তরাজ্যের সরকার জানিয়েছে, ফ্রান্স ও ব্রিটেনের যৌথভাবে তৈরি ‘স্ক্যাল্প’ ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত উপাদানগুলোর তথ্য (ব্লুপ্রিন্ট) প্রকাশের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমবিডিএকে অনুমতি দেওয়া হবে। এর ফলে ইউক্রেন নিজ দেশে এসব ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে।
স্ক্যাল্প একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি প্রায় ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ফ্রান্স ও ব্রিটেন মিলে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে। তবে কিয়েভ এখনও নিজ ভূখণ্ডে এসব ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারেনি।
সোমবার কিয়েভে ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থকদের এক বৈঠকের আগে অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ‘রাশিয়া আমাদের দেশের বিরুদ্ধে ন্যক্কারজনক হুমকি দিচ্ছে। এরপরও আমরা ইউক্রেনের প্রতিরক্ষায় সমর্থন অব্যাহত রাখব।’
যুক্তরাজ্যের এই অবস্থান নিয়ে রাশিয়া বলেছে, ইউক্রেনকে স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় তথ্য দিয়ে ব্রিটেন শান্তি প্রতিষ্ঠার পথে বাধা দিচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের বলেন, ক্ষেপণাস্ত্র তৈরির তথ্য দিয়ে ব্রিটেন পরিকল্পিতভাবে আগুনে ঘি ঢালছে। শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি ঠেকাতে নানা ষড়যন্ত্র করছে।
পেশকভ আরও বলেন, এসব ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরির স্থাপনাগুলো শনাক্ত করতে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব স্থাপনা ধ্বংসের পদক্ষেপ নেওয়া হবে।
- বিষয় :
- ক্ষেপণাস্ত্র
- সহায়তা
- যুক্তরাজ্য
- ইউক্রেন
- রাশিয়া