খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: বাঘের গালিবাফ
ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
বিবিসি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫৭ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫৭
খেলার নিয়ম বদলে গেছে এবং পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
আজ রোববার সংসদের বৈঠক শুরু হওয়ার আগে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
গালিবাফ বলেন, ইরান এখন ‘পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের’ মধ্যে রয়েছে। কিন্তু মার্কিন ঘাঁটিগুলোতে সামরিক বাহিনীর তীব্র হামলার কারণে দেশটির নেতারা হতাশায় ভুগছেন এবং ফাঁকা বুলি ও স্লোগানের পাশাপাশি যুদ্ধক্ষেত্রের কৃত্রিম ছবি এবং ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন।
যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া এই জ্যেষ্ঠ আলোচক আরও বলেন, আমেরিকানদের এটা বুঝে নেওয়া উচিত যে, পাল্টা প্রতিক্রিয়ার দিন শেষ এবং আগ্রাসনকারীদের ঘাঁটিতে আমাদের সাম্প্রতিক অভিযানটি ছিল কেবল এর শুরু মাত্র।
ইরানি স্পিকার আরও বলেন, যদি তারা এখনও সেটি না বুঝে থাকে, তাহলে তাদের অনেক দেরি হওয়ার আগেই সেটি বুঝে নেওয়া উচিত যে, খেলার নিয়ম বদলে গেছে। এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার ওপর যে কোনো আঘাতের জবাব দেওয়া হবে আরও দ্রুত, কঠোর এবং বেদনাদায়কভাবে।