ইরিত্রিয়ার প্রতিরক্ষা বাহিনীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
ছবি: গেটি ইমেজেস
রয়টার্স
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৬
ইরিত্রিয়ার প্রতিরক্ষা বাহিনীসহ দেশটির অন্যান্য সংস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের কথা দেশটির অর্থ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইরিত্রিয়া সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌ-চলাচল রুটের কাছে ইরিত্রিয়ার কৌশলগত অবস্থানের কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই পদক্ষেপ দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে পারে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে লোহিত সাগরের নিরাপত্তা ও নৌ-চলাচলের ওপরও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরিত্রিয়ার উপকূলরেখা লোহিত সাগরের অপর পাশে সৌদি আরবের বিপরীতে অবস্থিত।
রয়টার্স এর আগে ইরিত্রিয়া সরকারের একটি অভ্যন্তরীণ নথির বরাতে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে।
ট্রাম্পের পূর্বসূরি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে ইরিত্রিয়ার ক্ষমতাসীন দল, সেনাবাহিনী ও দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। প্রতিবেশী ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে আঞ্চলিক কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে ইথিওপীয় সেনাদের সহায়তা করার অভিযোগে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
ইরিত্রিয়ার তথ্যমন্ত্রী ইয়েমানে গেব্রেমেস্কেল রয়টার্সকে বলেন, নিষেধাজ্ঞার কারণে দেশটির অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি বলেন, পাঁচ বছর আগে বাইডেন প্রশাসন যে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তা কোনো বিচারেই যৌক্তিক ছিল না। এ ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপ ও সংশোধনমূলক ব্যবস্থাকে আমরা স্বাগত জানাই।
- বিষয় :
- নিষেধাজ্ঞা
- যুক্তরাষ্ট্র
- ট্রাম্প প্রশাসন