ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ফ্রান্সে বিক্ষোভ দমনের অভিযোগ

ফ্রান্সে বিক্ষোভ দমনের অভিযোগ
×
×

বিক্ষোভের সময় ফ্রান্সে সড়কে বিভিন্ন বস্তুতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। দেশটির টুলুজ শহরে এক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে তোলা। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০৭:২৭

ফ্রান্সে শিক্ষাব্যবস্থার পরিবেশ উন্নত করার দাবিতে বিক্ষোভ তীব্র হয়েছে। গত শুক্রবার দেশটির শিক্ষার্থীরা বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে এবং পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে। পাল্টা উত্তরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। আন্দোলনকারীরা নতুন করে বিক্ষোভ সমাবেশের আহ্বান জানিয়েছে।

সরকার বলছে, লিসে বা উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া কিশোর-কিশোরীদের নিজেদের অসন্তোষ প্রকাশের পূর্ণ অধিকার রয়েছে। দক্ষিণ ফ্রান্সের লা সিওতাতে কর্মকর্তারা জানিয়েছেন, এক শিক্ষকের শরীরে পেট্রোল ছিটিয়ে দেওয়ার পর দুই ব্যক্তি তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

বার্তা সংস্থা এএফপির খবর বলছে, গত শুক্রবার শ্রমিক ইউনিয়ন ও শিক্ষার্থী সংগঠনগুলো বিক্ষোভকারীদের সরকারের ওপর চাপ অব্যাহত রাখার এবং গত মঙ্গলবার নতুন সমাবেশ করার আহ্বান জানায়। উচ্চ বিদ্যালয় ইউনিয়ন ইউএসএলের প্রধান রিয়াদ রানি বলেন, ‘উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ আশা করছে। এখন পর্যন্ত আমরা তা পাইনি।’

সেপ্টেম্বরে প্যারিসে শুরু হওয়া এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়েছে। আন্দোলনে উচ্চ বিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীরা স্কুল ভবনে প্রবেশের পথও বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের স্কুলে থাকার সময় অতিরিক্ত দীর্ঘ, শ্রেণিকক্ষের পরিবেশ পর্যাপ্ত নয়। এর মধ্যে অতিরিক্ত গরম হয়ে যায় এমন শ্রেণিকক্ষও রয়েছে এবং শিক্ষক ও অন্য কর্মীদের অনুপস্থিতির সংখ্যাও অনেক বেশি।

নির্বাচনের ৭ মাস আগে এই বিক্ষোভ ফ্রান্সের রাজনীতিতেও প্রভাব ফেলেছে। আগামী নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উত্তরসূরি বেছে নেবেন। দেশটির ৩৭০০টি স্কুলের মধ্যে গত শুক্রবার ৭৩৫টি স্কুল কোনো না কোনোভাবে বিক্ষোভের প্রভাবে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এদুয়ার্দ জেফ্রে।

‘সহিংস দমন’
শিক্ষার্থী ও পুলিশ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলেছে। উত্তরাঞ্চলীয় শহর লিলে’র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জেমস পুলিশের বিরুদ্ধে ‘অত্যন্ত সহিংসভাবে বিক্ষোভ দমনের’ অভিযোগ তোলেন। তার মতে, এর ফলে শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়ছে। বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বর আচরণের অভিযোগ ওঠার পর পুলিশ বাহিনীও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন

×