দীপকে আটকের পর দিল্লির আন্দোলনের দায়িত্ব পাওয়া কে এই অজিঙ্কা শিন্ডে
অভিজিৎ দীপকে ও অজিঙ্কা শিন্ডে। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৭:৫১ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ১৮:২৭
দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। তার সঙ্গে আটক হন দলটির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তাদের আটকের পর আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন মহারাষ্ট্রের অজিঙ্কা শিন্ডে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, দীপক, সৌরভ ও আশুতোষকে আটক করা হলে আন্দোলনের নেতৃত্ব দেবেন শিন্ডে। এ বিষয়ে আগেই একটি ভিডিও বার্তা রেকর্ড করে রেখেছিলেন দীপক।
ভিডিওতে দীপকে বলেন, ‘আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, তার অর্থ আশুতোষ, সৌরভ ও আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের পর এই আন্দোলনের নেতৃত্ব দেবেন অজিঙ্কা। আপনারা অজিঙ্কা শিন্ডেকে অনুসরণ করুন। আশুতোষ, সৌরভ ও আমার পর তিনিই ককরোচ জনতা পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন।’
সম্ভাব্য আটকের আশঙ্কা থেকেই আগের রাতে ভিডিওটি ধারণ করেছিলেন বলে জানান দীপকে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লি যাচ্ছিলেন দীপক, সৌরভ ও আশুতোষ। তাদের বহনকারী উড়োজাহাজটি দিল্লি বিমানবন্দরে অবতরণের পর সেটিতে প্রবেশ করে তাদের আটক করে দিল্লি পুলিশ।
পুলিশের এই পদক্ষেপের সময় ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে যান দীপক। তার প্রকাশ করা ভিডিওতে উড়োজাহাজের ভেতরে হইচই এবং সিজেপির সদস্যদের সঙ্গে পুলিশের তর্ক করতে দেখা যায়। যাত্রীরা উড়োজাহাজ থেকে নেমে আসার আগেই কেন পুলিশ তাদের আটক করতে এসেছে, তা নিয়ে প্রশ্ন তোলেন দলের সদস্যরা।
কে এই অজিঙ্কা শিন্ডে
মহারাষ্ট্রের বাসিন্দা অজিঙ্কা শিন্ডে দীর্ঘদিন ধরে অভিজিৎ দীপকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এর আগে তিনি আম আদমি পার্টির (আপ) মহারাষ্ট্র দলের সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বয়ক হিসেবে কাজ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে গোয়ায় দীপকের সঙ্গে প্রথম পরিচয় হয় শিন্ডের। পরে করপোরেট চাকরি ছেড়ে আপের হয়ে পূর্ণকালীন কাজ শুরু করেন তিনি। দলটিতে যোগ দেওয়ার পর গোয়ার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এক বছর কাজ করেন।
ওই নির্বাচনে গোয়া বিধানসভায় কোনো আসন পায়নি আপ। তবে নির্বাচনে প্রত্যাশিত ফল না এলেও দলের সঙ্গে যুক্ত থাকেন শিন্ডে। পরে মহারাষ্ট্রে আপের কার্যক্রমে যুক্ত হন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের প্রতিটি জেলায় সফর করেছেন শিন্ডে। রাজ্যটির উপকূলীয় শহর আলিবাগে তাঁর বাড়ি।
সমর্থকদের যন্তর মন্তরে যাওয়ার আহ্বান
দীপকে ও তার দুই সহযোগীকে আটকের পর এক ভিডিও বার্তায় সমর্থকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান শিন্ডে। তিনি তাদের যন্তর মন্তরের দিকে এগিয়ে যেতে বলেন। তবে পুলিশ যেখানে বাধা দেবে, সেখানেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
শিন্ডে বলেন, ‘আমাদের ঐক্যে সরকার ভয় পেয়েছে। দয়া করে যন্তর মন্তরে আসুন। পুলিশ যদি আপনাদের বাধা দেয়, সেই জায়গাকেই যন্তর মন্তর বানিয়ে ফেলুন।’ সূত্র: এনডিটিভি
- বিষয় :
- বিক্ষোভ কর্মসূচি
- ককরোচ জনতা পার্টি