হুতি হামলার জেরে সৌদি আরবে হচ্ছে না ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’
সৌদি আরবে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) নামে বিনিয়োগ সম্মেলন। ফাইল ছবি: রয়টার্স
আল–জাজিরা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১১:০৫ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ | ১১:৩৮
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সম্মেলনটি আয়োজনের কথা থাকলেও মঙ্গলবার দেশটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির কারণে রাজধানী রিয়াদের সরকারি সংস্থাগুলো কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সম্মেলনের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহা বিনত মিশারি আল সৌদ বলেন, এ সিদ্ধান্ত অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি তাদের গভীর অঙ্গীকারের প্রতিফলন।
তিনি বলেন, সম্মেলনটির দশম আয়োজন একটি মাইলফলক। তাই অনুষ্ঠানটি পূর্ণ পরিসরে, অসাধারণ মান বজায় রেখে এবং অংশগ্রহণকারীদের প্রত্যাশা অনুযায়ী স্মরণীয় প্রভাব ফেলবে—তা নিশ্চিত করতে চায়।
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার আদলে অনানুষ্ঠানিকভাবে ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত এই সম্মেলন সৌদি আরবের সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়। দেশটির উচ্চাভিলাষী বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা এবং বিপুল বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাই এর অন্যতম লক্ষ্য। তেল ও গ্যাসনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তির মতো খাত সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চায় সৌদি আরব।
এফআইআইয়ের ওয়েবসাইট অনুযায়ী, এবারের সম্মেলনে বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ফিঙ্কের।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি-নেতৃত্বাধীন জোট এবং ইরানপন্থী হুতিদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লড়াই তীব্র হয়েছে। ‘আনসার আল্লাহ’ নামেও পরিচিত হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরও এসব হামলার লক্ষ্যবস্তু ছিল। এসব ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে।
এদিকে, হুতিদের বারবার হামলার মুখে রিয়াদের সরকারি সংস্থাগুলো কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। বার্তা সংস্থা এএফপিকে একজন কর্মী ও দুজন পরামর্শক এ তথ্য জানিয়েছেন।
রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলা কিংডম সেন্টার ভবন থেকেও কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসে না আসার অনুরোধ জানানো হয়েছে। ভবনটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি আঞ্চলিক কার্যালয় রয়েছে।
রবিবার রাজধানীর একটি সরকারি সংস্থার এক কর্মীকে পাঠানো বার্তায় জানানো হয়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দূরবর্তী কর্মপদ্ধতি কার্যকর থাকবে। একই সঙ্গে কর্মীদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়।
অন্যান্য সূত্রের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত বিভিন্ন কোম্পানিও কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। ওই এলাকায় যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
- বিষয় :
- হুতি বিদ্রোহী
- সৌদি আরব
- স্থগিত