পিৎজায় আনারস দিতে রাজি না হওয়ায় চাকরি হারালেন ইতালীয় শেফ
সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৬:১৩
পিৎজায় আনারস ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়ে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনের এক ইতালীয় শেফ। তার দাবি, পিৎজায় আনারস দেওয়া ইতালীয় সংস্কৃতির প্রতি অপমানের শামিল। তবে শুধু এই ঘটনাই নয়, কর্মক্ষেত্রে তার আচরণ নিয়েও একাধিক অভিযোগ ছিল।
শেফের নাম দাভিদে তামবুরেলা। চলতি বছরের মে মাসে ব্রিসবেনের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া ‘লা কস্তা’ রেস্তোরাঁ থেকে তাকে বরখাস্ত করা হয়। এর প্রায় দুই সপ্তাহ আগে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে তার আচরণ নিয়ে বেশ কিছু অভিযোগ তোলা হয়েছিল।
অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল, একটি অনুষ্ঠানে অতিথিদের জন্য হ্যাম ও আনারস দেওয়া পিৎজা তৈরি করতে অস্বীকৃতি জানান তামবুরেলা। সে সময় তিনি জানিয়েছিলেন, কোনো নির্দেশ তার সংস্কৃতির প্রতি আপত্তিকর হলে তা মানতে তিনি বাধ্য নন।
চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশন অন্যায়ভাবে বরখাস্তের অভিযোগ করেন তিনি। মঙ্গলবার প্রকাশিত কমিশনের রায়ে পিৎজায় আনারস ব্যবহার নিয়ে তার আপত্তির বিষয়টি বিস্তারিতভাবে উঠে আসে।
রায়ে বলা হয়, একজন ইতালীয় হিসেবে তামবুরেলা মনে করেন, পিৎজায় আনারস দেওয়া তার সংস্কৃতির প্রতি অপমান। কমিশন আরও জানায়, গত চার বছরে এটি ছিল তৃতীয়বারের মতো, যখন তিনি পিৎজায় আনারস ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ইতালীয়দের কাছে পিৎজায় আনারস না দেওয়ার গুরুত্ব যাচাই করার অনুরোধও জানিয়েছিলেন।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য দেশটির আনারস উৎপাদনের প্রধান কেন্দ্র। দেশটির বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রায় সব আনারসই এই রাজ্যে উৎপন্ন হয়। এমনকি সানশাইন কোস্টে পর্যটকদের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী ১৬ মিটার উঁচু ‘দ্য বিগ পাইনঅ্যাপল’। ফাইবারগ্লাস দিয়ে তৈরি বিশাল আনারসের এই প্রতিকৃতি স্থানীয় একটি পরিচিত দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষের অভিযোগ ছিল, তামবুরেলার বিরুদ্ধে শুধু পিৎজায় আনারস ব্যবহারের আপত্তিই নয়, আরও কিছু সমস্যা ছিল। তার গালিগালাজ, যোগাযোগের ধরন এবং কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান হতাশা প্রকাশের বিষয়েও উদ্বেগ জানিয়েছিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
কমিশনের রায়ে চলতি বছরের এপ্রিলে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। ওই সময় একটি ধাতব হাতল বা রেলিংয়ে আঘাত করার ফলে তামবুরেলার ডান হাতের হাড় ভেঙে যায়।
তামবুরেলার আশা ছিল, রেস্তোরাঁ কর্তৃপক্ষ তার জন্য দক্ষ কর্মীরা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের জন্য ভিসার ব্যবস্থা করবে। কিন্তু তাকে বরখাস্ত করার পর রেস্তোরাঁটি ভিসা স্পনসর করার প্রক্রিয়া বন্ধ করে দেয়।
তবে অন্যায়ভাবে বরখাস্তের অভিযোগে শেষ পর্যন্ত জয়ী হতে পারেননি এই শেফ। কমিশনের রায়ে বলা হয়েছে, আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় তার অভিযোগ খারিজ হয়েছে।
এ বিষয়ে রেস্তোরাঁটির ব্যবস্থাপনা পরিচালক এলিয়ট ইনগ্রাম ডেইলি মেইলকে বলেন, ‘একটি পিৎজার টপিংয়ের চেয়েও এই ঘটনার পেছনে আরও অনেক কিছু রয়েছে।’
সূত্র: বিবিসি।
- বিষয় :
- পিৎজা
- অস্ট্রেলিয়া
- ইতালি