ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন

সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২৪০—ডেমোক্র্যাটদের ‘ব্লু সুনামি’ 

সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২৪০—ডেমোক্র্যাটদের ‘ব্লু সুনামি’ 
×
×

বিজয়ের পর ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের উল্লাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১২:৪৩ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ১৩:০০

গত মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। তাদের এই জয়কে মার্কিন গণমাধ্যমগুলো ‘ব্লু সুনামি’ হিসেবে উল্লেখ করেছে।

নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বর্তমানে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৫৪টি আসন ডেমোক্রেটিক পার্টির দখলে, ৪৪টি রিপাবলিকান পার্টির। দুইটি আসনের ফলাফল এখনো জানা যায়নি।

এবারের সিনেট নির্বাচনে ৩৫টি আসনে নির্বাচন হয়েছিল। নির্বাচন হওয়া আসনগুলোর মধ্যে রিপাবলিকানদের ছিল ২২টি এবং ১৩টি ছিল ডেমোক্র্যাটদের। নির্বাচনে ২০টিতে জয় নিশ্চিত করেছে ডেমোক্রেটিক পার্টি, ১৩টিতে রিপাবলিকান পার্টি। ইতোমধ্যে, নিজেদের দখলে থাকা ৭টি আসন হারিয়েছে রিপাবলিকান পার্টি। সিনেট নির্বাচনের আলাস্কা ও মিসিসিপ্পি অঙ্গরাজ্যের আসন দুটির ফলাফল এখনও পাওয়া যায়নি। রাজ্য দুটিতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। 

অন্যদিকে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির ২৪০ আসনের বিপরীতে এখন পর্যন্ত রিপাবলিকানরা পেয়েছে ১৪৭টি। ৪৮টি আসনের ফলাফল এখনো জানা যায়নি। মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সবগুলোতেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেকোনো দলের সিনেটে অন্তত ৫১টি ও প্রতিনিধি পরিষদে ২১৮টি আসনের প্রয়োজন হয়। ডেমোক্রেটিক পার্টি ইতোমধ্যে উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নির্বাচনে রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটিগুলোর বেশ কয়েকটিতে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটরা অন্তত সাতটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট আসন নিজেদের দখলে নিয়েছেন।

মধ্যবর্তী নির্বাচনে গভর্নর পদেও বড় সাফল্য পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। দীর্ঘদিন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা চার অঙ্গরাজ্য—জর্জিয়া, টেক্সাস, ওহাইও ও আইওয়ায় জয় পেয়েছেন দলটির প্রার্থীরা। এর মধ্য দিয়ে রাজ্যগুলোর গভর্নর পদে রিপাবলিকানদের দীর্ঘদিনের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নির্বাচনেও রিপাবলিকানদের কাছ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এসব আসনের কোনো কোনো এলাকায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছিলেন। এবার সেসব এলাকাতেই ডেমোক্র্যাট প্রার্থীরা জয়ী হয়েছেন।

নির্বাচনের পরপরই গণমাধ্যমকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে কাজ করতে চাই।’ তবে ভেটো দেওয়ার হুমকিও অব্যাহত রেখেছেন তিনি।

এদিকে গতকাল বুধবার (৪ নভেম্বর) সকালে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে লেখা হয়, ‘জনস্বার্থে বার্তা: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’ পোস্টের সঙ্গে একটি ছবিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ওভাল অফিসে নিজের রেজল্যুট ডেস্কের ওপর ঝুঁকে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর সকালে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি স্বীকার করেন, ডেমোক্র্যাটরা ‘ভালো করেছে’। তবে নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের দায় নিজের ওপর নিতে রাজি নন তিনি। ট্রাম্পের দাবি, ‘ব্যালটে আমার নাম থাকলে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফল করতে পারতেন।’ 

সূত্র: ফক্স নিউজ ও রয়টার্স। 

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×