ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কুর্মিটোলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল

নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন আটক

কুর্মিটোলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৩:৪৬ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ১৩:৫৭

রাজধানীর কুর্মিটোলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে মো. এনামুল নামে এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল জব্দ ও তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, বনানীর দিক থেকে মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িলের দিকে যাচ্ছিল। বহরটি আর্মি গলফ ক্লাবের সামনে পৌঁছালে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাম চোখে আঘাত লাগে।

ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করা হচ্ছে।

এদিকে আহত এনামুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×