ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ফাইন্যান্স কোম্পানি ক্যামেলকো সম্মেলন শুরু

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ফাইন্যান্স কোম্পানি ক্যামেলকো সম্মেলন শুরু
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৪:০৩

দেশে কার্যরত ফাইন্যান্স কোম্পানিগুলোর মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম জোরদার এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ফাইন্যান্স কোম্পানি ক্যামেলকো সম্মেলন-২০২৬’ শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগের উদ্যোগে ৫ ও ৬ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

‘Resilient Finance Companies through Effective AML/CFT: Managing Risk, Strengthening Governance and Restoring Trust’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন শক্তিশালীকরণ, ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন ও আর্থিক খাতে জনআস্থা পুনরুদ্ধারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সারোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগের পরিচালক এ টি এম কামরুল কবীর ভূঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মোকসুদুজ্জামান এবং অ্যাসোসিয়েশন অব অ্যান্টি-মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ফাইন্যান্স কোম্পানিজ ইন বাংলাদেশ (এএসিওএফ)-এর সভাপতি মাহবুব-উল-কাদের। সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, ক্যামেলকো ও ডেপুটি ক্যামেলকোরা অংশ নিচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর মো. সারোয়ার হোসেন ফাইন্যান্স কোম্পানিগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বেনামি ঋণ, ঋণভিত্তিক মানিলন্ডারিং, ঋণের অর্থ অন্যত্র সরিয়ে নেওয়া এবং স্বার্থসংশ্লিষ্ট লেনদেনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর নজরদারি ও ঝুঁকিভিত্তিক ব্যবস্থাপনা জোরদারের আহ্বান জানান।

একই সঙ্গে ২০২৭-২০২৮ সালে এশিয়া-প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি)-এর পঞ্চম পর্যায়ের মিউচুয়াল ইভ্যালুয়েশনের প্রস্তুতি হিসেবে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমের বাস্তব কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মোকসুদুজ্জামান ফাইন্যান্স কোম্পানিগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকৃত সুবিধাভোগী শনাক্তকরণ এবং ক্যামেলকোদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

দুই দিনব্যাপী সম্মেলনে ঋণভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ, ঝুঁকিভিত্তিক তদারকি, করপোরেট সুশাসন, সন্দেহজনক লেনদেন প্রতিবেদন এবং আসন্ন মিউচুয়াল ইভ্যালুয়েশনের প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হবে।

সম্মেলনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ‘জয়েন্ট স্ট্র্যাটেজি স্টেটমেন্ট ২০২৭’ গ্রহণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে ফাইন্যান্স কোম্পানিগুলোর মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত পরিপালন কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি একটি স্বচ্ছ, সুশাসিত ও জনআস্থাভিত্তিক আর্থিক খাত গড়ে তুলতেও সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

×