ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বদলে গেছে অনলাইন কেনাকাটার ঝুড়ি, এখন নিত্যপণ্যে ঝুঁকছেন ক্রেতারা

স্মার্টফোন, টেলিভিশন ও গৃহস্থালি সামগ্রী থেকে মুদি পণ্য, ব্যক্তিগত পরিচর্যা ও নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস; দারাজ ১১.১১-এর আট বছরের পরিসংখ্যানে মিলছে ক্রেতাদের পছন্দ বদলের নানা চিত্র

বদলে গেছে অনলাইন কেনাকাটার ঝুড়ি, এখন নিত্যপণ্যে ঝুঁকছেন ক্রেতারা
×
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৫:২৩ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ১৫:৪৬

একসময় অনলাইন কেনাকাটায় ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল মুঠোফোন, ইলেকট্রনিকস ও গৃহস্থালি সামগ্রী। সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। এখন প্রযুক্তিপণ্যের পাশাপাশি মুদি সামগ্রী, ব্যক্তিগত পরিচর্যার উপকরণ, পোশাক ও সংসারের নিত্যপ্রয়োজনীয় পণ্যও জায়গা করে নিয়েছে অনলাইন কেনাকাটার ঝুড়িতে। একই সঙ্গে বেড়েছে ডিজিটাল পেমেন্টের ব্যবহার এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে কেনাকাটায় অংশগ্রহণ।

দারাজের ১১.১১ ক্যাম্পেইনের আট বছরের পরিসংখ্যানে ক্রেতাদের পছন্দ ও কেনাকাটার ধরনে এমন পরিবর্তনের চিত্র উঠে এসেছে।

২০১৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো দারাজ ১১.১১ আয়োজনের সময় এক দিনে প্রায় ১ লাখ ২০ হাজার অর্ডার পেয়েছিল প্রতিষ্ঠানটি। তখন প্রযুক্তিপণ্য ও গৃহস্থালি সামগ্রীর চাহিদা ছিল উল্লেখযোগ্য। আট বছর পর ২০২৫ সালের ক্যাম্পেইনে মোট বিক্রির অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে এসেছে মোট বিক্রির ২০ শতাংশের বেশি। একই বছর রংপুর থেকে কক্সবাজারে প্রায় ৬৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পণ্য পৌঁছে দেওয়ার ঘটনাও ঘটেছে।

শুরুর বছরগুলোতে ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ছিল ১১.১১ ক্যাম্পেইনের মূল আকর্ষণ। ২০২০ সালের আয়োজনে সর্বাধিক বিক্রি হওয়া পণ্যের তালিকায় ছিল পোকো এক্স৩ এনএফসি ও রিয়েলমি সি১২ স্মার্টফোন, শার্পের ওয়াশিং মেশিন, গ্রি এয়ারকন্ডিশনার, স্যামসাং টেলিভিশন এবং ওয়ালটন ল্যাপটপ। ওই বছর ক্যাম্পেইনের প্রথম এক ঘণ্টার মধ্যেই ১ লাখের বেশি অর্ডার হয়েছিল। এতে প্রযুক্তি ও উচ্চমূল্যের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়।

পরের বছরও এই আগ্রহ অব্যাহত ছিল। ২০২১ সালে প্রথম ২২ ঘণ্টায় ৫ লাখের বেশি ক্রেতা প্রায় ৮ লাখ ১০ হাজার অর্ডার করেন। মুঠোফোন, ইলেকট্রনিকস ও গৃহস্থালি সামগ্রীর পাশাপাশি পোশাক ও লাইফস্টাইল পণ্যও জনপ্রিয় হয়ে ওঠে। ২০২২ সালে এক দিনের আয়োজনের পরিবর্তে ১১ দিনব্যাপী কেনাকাটার উৎসব চালু করে দারাজ। এতে ক্রেতারা পণ্য দেখা ও কেনার জন্য আরও বেশি সময় পান।

এরপর অনলাইন কেনাকাটার তালিকায় যুক্ত হতে থাকে দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনীয় পণ্য। ২০২৩ সালে ইলেকট্রনিকস ও পোশাকের পাশাপাশি চাল, তেলের মতো মুদি সামগ্রী, মা ও শিশুর ব্যবহার্য পণ্য, প্রসাধনসামগ্রী এবং ঘর সাজানোর উপকরণের চাহিদা বাড়ে। ওই বছর ১ লাখ ৭৫ হাজারের বেশি মুদি পণ্য বিক্রি হয়। অর্থাৎ, উচ্চমূল্যের প্রযুক্তিপণ্যের পাশাপাশি সংসারের নিয়মিত প্রয়োজন মেটাতেও অনলাইন কেনাকাটার প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়তে থাকে।

২০২৪ সালে এই পরিবর্তনের আরও স্পষ্ট চিত্র পাওয়া যায়। ওই বছর বেশি বিক্রি হওয়া পণ্যের তালিকায় ছিল ডিটারজেন্ট, স্যানিটারি ন্যাপকিন, বডি ওয়াশ, ফোন কভার, ক্যাপ ও মোজা। পোশাক, আসবাব ও ঘর সাজানোর সামগ্রী, মুদি পণ্য, স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চার সামগ্রী এবং গৃহস্থালি পণ্য, এই পাঁচটি বিভাগে আগের বছরের তুলনায় বিক্রি দ্বিগুণের বেশি বেড়েছিল। এতে ব্যক্তিগত পরিচর্যা ও সংসারের প্রয়োজনীয় সামগ্রী অনলাইন কেনাকাটায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠার বিষয়টি সামনে আসে।

শুধু পণ্যের ধরন নয়, ক্রেতাদের অংশগ্রহণের ভৌগোলিক পরিসরেও পরিবর্তন এসেছে। ২০২৪ সালে দারাজ ১১.১১-এর প্রায় অর্ধেক অর্ডার এসেছিল বড় শহরগুলোর বাইরের এলাকা থেকে। অর্থাৎ, অনলাইন কেনাকাটায় অংশ নিতে বড় শহরে বসবাস করার প্রয়োজন হচ্ছে না। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষও এই আয়োজনে অংশ নিয়ে পণ্য কিনেছেন। একই বছর মোট লেনদেনের এক-তৃতীয়াংশের বেশি সম্পন্ন হয়েছিল ব্যাংক কার্ড ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে।

২০২৫ সালে ডিজিটাল পেমেন্ট ও কনটেন্টের মাধ্যমে পণ্যের খোঁজ পাওয়ার প্রবণতা আরও স্পষ্ট হয়ে ওঠে। ওই বছর দারাজ ১১.১১-এর মোট বিক্রির অর্ধেকের বেশি এসেছে ডিজিটাল পেমেন্ট থেকে। অন্যদিকে, দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম অবদান রেখেছে মোট বিক্রির এক-পঞ্চমাংশের বেশি। এসব পরিসংখ্যান ক্রেতাদের মধ্যে ক্যাশলেস পেমেন্টের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং পণ্যের সঙ্গে ক্রেতাদের সংযোগ তৈরিতে কনটেন্টের ভূমিকা তুলে ধরে।

আট বছরের এই পরিসংখ্যানে দেখা যায়, দারাজ ১১.১১-কে ঘিরে শুধু কেনাকাটার পরিমাণ নয়, বদলেছে পণ্যের ধরন, ক্রেতাদের অংশগ্রহণের পরিসর এবং মূল্য পরিশোধের পদ্ধতিও। একসময় যেখানে মুঠোফোন, ইলেকট্রনিকস ও গৃহস্থালি সামগ্রী ছিল কেনাকাটার তালিকায় উল্লেখযোগ্য, সেখানে এখন মুদি পণ্য, ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী ও সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসও জায়গা করে নিয়েছে।

এই ধারাবাহিকতায় ২০২৬ সালের দারাজ ১১.১১ আয়োজন শুরু হবে ১০ নভেম্বর রাত ৮টায়, চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এবারের আয়োজনে ইলেকট্রনিকস, পোশাক, মুদি সামগ্রী, ব্যক্তিগত পরিচর্যা ও গৃহস্থালি পণ্যে থাকছে বিভিন্ন ছাড় ও বিশেষ অফার।

আয়োজনের অংশ হিসেবে পণ্য কার্টে যোগ করে ওয়ালটন ওয়াশিং মেশিন, বেবি বাইসাইকেল ও হায়ার ওয়াটার হিটার জেতার সুযোগ থাকছে। পাশাপাশি থাকছে স্পিন দ্য হুইল, ব্র্যান্ডভিত্তিক বিশেষ ছাড়, ফ্ল্যাশ ভাউচার ও ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় আওয়ার। অংশগ্রহণকারী ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগও থাকছে।

এ ছাড়া জ্যাকপট প্রতিযোগিতায় অংশ নিয়ে আইফোন ১৮ প্রো ম্যাক্স (মাস্টারকার্ডের সৌজন্যে), ওয়ালটন রেফ্রিজারেটর ও মিনিস্টারের স্মার্ট টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন ক্রেতারা। অফারের বিস্তারিত জানা যাবে দারাজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ ও দারাজ অ্যাপে।

বাংলাদেশে প্রথম বছরে ১ লাখ ২০ হাজার অর্ডার দিয়ে শুরু হওয়া দারাজ ১১.১১-এর আট বছরের যাত্রায় অনলাইন কেনাকাটার পণ্য, ক্রেতাদের পছন্দ, মূল্য পরিশোধের পদ্ধতি এবং পণ্য সরবরাহের পরিসরে এসেছে পরিবর্তন। সেই পরিবর্তনের সবচেয়ে সহজ প্রতিফলন পাওয়া যাচ্ছে ক্রেতাদের কেনাকাটার ঝুড়িতে।

আরও পড়ুন

×