রিপাবলিকানদের একাধিক দুর্গে ডেমোক্র্যাটদের জয়
১৯৮৮ সালের পর টেক্সাস সিনেট আসনে জয়ী প্রথম ডেমোক্র্যাট জেমস টালারিকো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ১৩:১৪ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ | ১৪:২৪
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি। এরই মধ্যে, রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটিগুলোর বেশ কয়েকটিতে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটরা অন্তত সাতটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট আসন নিজেদের দখলে নিয়েছেন।
টেক্সাসে ৩৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ডেমোক্র্যাটদের
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে পরাজিত করে আসনটি নিজেদের দখলে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। ১৯৮৮ সালের পর এই প্রথম টেক্সাসে কোনো ডেমোক্র্যাট মার্কিন সিনেট নির্বাচনে জয় পেলেন। দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যটিতে এই জয়কে দলটির জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারের পথেও ডেমোক্র্যাটদের গুরুত্বপূর্ণ সুবিধা এনে দিয়েছে এই ফল।
পেশায় সাবেক স্কুলশিক্ষক টালারিকো নির্বাচনের আগে জাতীয় পর্যায়ে খুব বেশি পরিচিত ছিলেন না। তবে প্রচারণায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও আবাসন সংকটকে গুরুত্ব দেন তিনি। পাশাপাশি রাজনীতিতে ধনকুবের ও বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে প্যাক্সটন টালারিকোর রাজনৈতিক অবস্থানকে টেক্সাসের জন্য অতিরিক্ত প্রগতিশীল হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়েও প্রচারণা চালান তিনি। তবে শেষ পর্যন্ত প্যাক্সটনকে হারিয়ে জয় পান টালারিকো।
১৯৩২ এর পর প্রথম কানসাস জয় ডেমোক্র্যাটদের
প্রায় ৯৪ বছর পর কানসাসে সিনেট আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিলটন। ১৯৩২ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটি থেকে কোনো ডেমোক্র্যাট মার্কিন সিনেটর নির্বাচিত হলেন। দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কানসাসে এই জয় ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন।
আইওয়ায় সিনেট আসন ডেমোক্র্যাটদের দখলে
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকানদের শক্ত অবস্থানের মধ্যেই সিনেট আসন ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জশ টুরেক। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্প প্রায় ১৩ শতাংশের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। দুই বছর পর সেই আইওয়াতেই সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন টুরেক।
আইওয়া দীর্ঘদিন ধরেই রিপাবলিকানদের সমর্থনপুষ্ট রাজ্য হিসেবে পরিচিত। বিশেষ করে ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের বড় ব্যবধানে জয় রিপাবলিকানদের শক্ত অবস্থানেরই প্রমাণ দিয়েছিল।
দুই ক্যারোলাইনায় সিনেট আসন ডেমোক্র্যাটদের দখলে
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দুই অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনায় সিনেট নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন অ্যানি অ্যান্ড্রুজ। দুই দশকের বেশি সময় পর রাজ্যটিতে সিনেট আসন পেল ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থী মাইকেল ওয়াটলিকে পরাজিত করে সিনেটর নির্বাচিত হয়েছেন।
দুই রাজ্যই দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিশেষ করে সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটদের সিনেট আসন পাওয়া ছিল দীর্ঘদিনের অপেক্ষার অবসান।
চার রিপাবলিকান-শাসিত অঙ্গরাজ্যে গভর্নর পদে ডেমোক্র্যাটদের জয়
মধ্যবর্তী নির্বাচনে গভর্নর পদেও বড় সাফল্য পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। দীর্ঘদিন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা চার অঙ্গরাজ্য—জর্জিয়া, টেক্সাস, ওহাইও ও আইওয়ায় জয় পেয়েছেন দলটির প্রার্থীরা। এর মধ্য দিয়ে রাজ্যগুলোর গভর্নর পদে রিপাবলিকানদের দীর্ঘদিনের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে।
জর্জিয়া
রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে হারিয়ে জর্জিয়ার গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ও আটলান্টার সাবেক মেয়র কিশা ল্যান্স বটমস। তার জয়ে দুই দশকের বেশি সময় পর রাজ্যটির গভর্নর পদে ফিরল ডেমোক্র্যাটরা। একই সঙ্গে জর্জিয়ার প্রথম নারী গভর্নর এবং যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হতে যাচ্ছেন তিনি।
টেক্সাস
টেক্সাস অঙ্গরাজ্যে প্রায় তিন দশক পর গভর্নর পদে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকান প্রার্থী ও বর্তমান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। ১৯৯৫ সালে অ্যান রিচার্ডসের মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম অঙ্গরাজ্যটির গভর্নর পদে ফিরছেন কোনো ডেমোক্র্যাট। একই সঙ্গে টেক্সাসের প্রথম লাতিনা গভর্নর হতে যাচ্ছেন ৫২ বছর বয়সী হিনোজোসা।
টেক্সাস দীর্ঘদিন ধরেই রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯৪ সালে ডেমোক্র্যাট গভর্নর অ্যান রিচার্ডস রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশের কাছে হেরে যান। এরপর আর কোনো ডেমোক্র্যাট অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচিত হননি। ফলে হিনোজোসার জয় শুধু গভর্নর পদে ক্ষমতার পালাবদল নয়, টেক্সাসের রাজনীতিতে ডেমোক্র্যাটদের নতুন করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও দিচ্ছে।
ওহাইও
ওহাইওতে রিপাবলিকান প্রার্থী ও ট্রাম্প-সমর্থিত বিবেক রামাস্বামীকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাকটন। এর মধ্য দিয়ে ২০ বছর পর অঙ্গরাজ্যটির গভর্নর পদ ফিরে পেল ডেমোক্র্যাটরা। পেশায় চিকিৎসক ও রাজ্যের সাবেক স্বাস্থ্য পরিচালক অ্যাকটন ওহাইওর প্রথম নির্বাচিত নারী গভর্নর হতে যাচ্ছেন।
আইওয়া
আইওয়ায় রিপাবলিকান প্রার্থী জ্যাক লাহনকে হারিয়ে গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট রব স্যান্ড। ২০০৬ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটিতে গভর্নর পদে জয় পেল ডেমোক্র্যাটরা। ২০১১ সাল থেকে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা পদটিতে এবার পরিবর্তন এসেছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আইওয়ায় ১৩ শতাংশ পয়েন্টের বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন। ফলে রাজ্যটিতে স্যান্ডের জয় বিশেষ তাৎপর্য বহন করছে।
প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের হানা
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নির্বাচনেও রিপাবলিকানদের কাছ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এসব আসনের কোনো কোনো এলাকায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছিলেন। এবার সেসব এলাকাতেই ডেমোক্র্যাট প্রার্থীরা জয়ী হয়েছেন।
প্রতিনিধি পরিষদের নির্বাচনে ইন্ডিয়ানা, আইওয়া, নিউ জার্সি, নর্থ ক্যারোলাইনা ও টেক্সাসে রিপাবলিকানদের কাছ থেকে একাধিক আসন ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। ইন্ডিয়ানা-৫ আসনে রিপাবলিকান কংগ্রেস সদস্য ভিক্টোরিয়া স্পার্টজকে হারিয়েছেন ডেমোক্র্যাট জে ডি ফোর্ড। উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই আসনে ডোনাল্ড ট্রাম্প প্রায় ১৭ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।
আইওয়ায় চার আসনের তিনটিই ডেমোক্র্যাটদের
আইওয়ার চারটি প্রতিনিধি পরিষদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। আইওয়া-১ আসনে রিপাবলিকান কংগ্রেস সদস্য মারিয়ানেট মিলার-মিকসকে পরাজিত করেছেন ক্রিস্টিনা বোহানান। আইওয়া-২ আসনে জো মিচেলকে হারিয়েছেন লিন্ডসে জেমস। আর আইওয়া-৩ আসনে রিপাবলিকান কংগ্রেস সদস্য জ্যাক নানকে পরাজিত করেছেন সারা ট্রোন গ্যারিয়ট।
নিউ জার্সিতে দুই আসনে পরিবর্তন
নিউ জার্সিতেও দুটি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। নিউ জার্সি-৭ আসনে রিপাবলিকান কংগ্রেস সদস্য টম কিন জুনিয়রকে হারিয়ে জয়ী হয়েছেন রেবেকা বেনেট। তিনি পেয়েছেন ৫৭ শতাংশ ভোট। বিপরীতে কিন পেয়েছেন ৪১ শতাংশ। অন্যদিকে নিউ জার্সি-২ আসনে রিপাবলিকান কংগ্রেস সদস্য জেফ ভ্যান ড্রুকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জ্যাক মুলক। এ ছাড়া নর্থ ক্যারোলাইনা-১১ আসনে রিপাবলিকান প্রার্থী জেনিফার বালকমকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট জেমি এগার।
টেক্সাসের সীমান্তেও ডেমোক্র্যাটদের প্রত্যাবর্তন
টেক্সাসের ১৫তম কংগ্রেসনাল আসনেও রিপাবলিকানদের হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ববি পুলিডো। তিনি পরাজিত করেছেন বর্তমান রিপাবলিকান কংগ্রেস সদস্য মনিকা দে লা ক্রুজকে। হিস্পানিক অধ্যুষিত সীমান্তবর্তী এই আসনে পুলিডোর জয় বিশেষ গুরুত্ব পেয়েছে। সব মিলিয়ে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এসব এলাকায় ডেমোক্র্যাটদের সাফল্য প্রতিনিধি পরিষদের নির্বাচনে দলীয় সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।
তথ্যসূত্র: ফক্স নিউজ, সিবিএস নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস ও টেক্সাস ট্রিবিউন।