নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা। ছবি: সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৩:২৫ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ১৩:২৮
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের চতুর্থ দিনে নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে জেলার কোথাও শ্রমিকদের বিক্ষোভ বা আন্দোলনে নামতে দেখা যায়নি। সব পোশাক কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি ও পঞ্চবটির বিসিক শিল্পনগরী এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের উদ্দেশ্যে শিবু মার্কেটের কাঠেরপুল এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও যেন বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, সে জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা কঠোর অবস্থানে রয়েছেন। কোনোভাবেই শ্রমিকদের রাস্তায় নামতে দেওয়া হবে না।