তানোর
আমবাগানে সাথি ফসল হিসেবে মাসকলাই চাষ দেখলেন কৃষিমন্ত্রী
ছবি- সমকাল
তানোর (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৭:১৪
রাজশাহীর তানোরে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিক আম চাষের পাশাপাশি সাথি ফসল হিসেবে মাসকলাই চাষের কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌরসভার আইড়া পল্লী বিদ্যুৎ সাবস্টেশন এলাকায় তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের আমবাগান পরিদর্শন করেন তিনি।
ওই আমবাগানে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (জিএপি) বা উত্তম কৃষিচর্চা পদ্ধতি অনুসরণ করে বাণিজ্যিকভাবে আম চাষ করা হচ্ছে। পাশাপাশি সাথি ফসল হিসেবে চাষ হচ্ছে মাসকলাই। পরিদর্শনকালে বরেন্দ্র অঞ্চলে আমের বিভিন্ন জাতের চাষপদ্ধতি, উৎপাদন সম্ভাবনা এবং একই জমিতে আমের সঙ্গে সাথি ফসল চাষের বিষয়ে খোঁজখবর নেন কৃষিমন্ত্রী।
এ সময় বাগানের তত্ত্বাবধানকারী কৃষক আলামিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা মন্ত্রীকে চাষাবাদ পদ্ধতি, আমের বিভিন্ন জাত, পরিচর্যা এবং সাথি ফসল হিসেবে মাসকলাই চাষের বিভিন্ন দিক সম্পর্কে জানান। মন্ত্রী বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আধুনিক কৃষিপদ্ধতি অনুসরণ করে উৎপাদন বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চান। বাগানের সামগ্রিক চাষাবাদ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আব্দুর রহিম, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান, রাজশাহীর উপপরিচালক মো. মোস্তফা কামাল, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিব শংকর বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মণ্ডলসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ ছাড়া দলীয় নেতৃবৃন্দ, প্রান্তিক কৃষক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তিন দিনের সরকারি সফরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সফরের অংশ হিসেবে তিনি দুই জেলার কৃষি উৎপাদন, সম্ভাবনাময় ফসল ও কৃষি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করছেন।
- বিষয় :
- কৃষিমন্ত্রী
- পরিদর্শন
- বাগান