ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দৃঢ় অবস্থানে

সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দৃঢ় অবস্থানে
×
×

ছবি- সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৬:৪৩ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ১৬:৪৮

নওগাঁ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে নতুন একটি বিওপি স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে জেলার সাপাহার উপজেলার নব আদাতলা নামক স্থানে বিওপিটির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের। তিনি বলেন, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল কামাল হোসেন এবং ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের। তিনি বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের আওতাধীন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১১৫ কিলোমিটার সীমান্তে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নবস্থাপিত নব আদাতলা বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিজিবি।

নতুন বিওপি স্থাপনের ফলে সীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মাদক ও মানব পাচার, পুশইনসহ অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

×