ইসরায়েলে নির্বাচন
ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, বিরোধীদের সরকার গঠনের প্রস্তুতি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০২:০৫ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ | ০২:০৭
ইসরায়েলের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। দেশটির নির্বাচনে ক্ষমতাসীন জোটকে পেছনে ফেলে এগিয়ে থাকা বিরোধী জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকা এবং ক্ষমতা ধরে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে নির্বাচনী প্রচারের সময়কার তীব্র বিরোধ ও ব্যক্তিগত আক্রমণের বিপরীতে নেতানিয়াহুর বক্তব্যে জাতীয় ঐক্যের সুর লক্ষ্য করা যাচ্ছে। ইসরায়েলের নতুন নেসেটের শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানিয়ে বিরোধীদের সতর্ক করেছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে তার বক্তব্যকে ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে নেতানিয়াহুর পার্টি লিকুদের সঙ্গে গতকাল বুধবারের নির্ধারিত সংলাপ বাতিল করেছেন সরকার গঠনের দায়িত্বে থাকা ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। গত শনিবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন নিয়ে সরকার গঠনের দায়িত্ব দেন।
নেতানিয়াহুবিরোধী জোটের নেতাদের ‘সময়ের প্রয়োজন’ উপলব্ধি করে তার নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের আহ্বান জানান। প্রস্তাবিত ওই সরকারে অতি-ধর্মীয় ইহুদি দলগুলোর পাশাপাশি ডানপন্থি রাজনীতিক বেজালেল স্মোত্রিচ ও ইতামার বেন-গভিরকেও অন্তর্ভুক্ত করতে চান তিনি। তবে অতি-ধর্মীয় দলগুলোর অন্তত একটির সঙ্গে আইজেনকোটের আলোচনা চলছে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে, নেতানিয়াহুর ঐক্যের আহ্বানের পেছনে ক্ষমতায় টিকে থাকার কৌশলও রয়েছে। নির্বাচনে বিরোধী জোটের এগিয়ে থাকা এবং নতুন পার্লামেন্টের অধিবেশন সামনে আসায় তার রাজনৈতিক অবস্থান ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে।
নেসেটের প্রথম দিনেই চমক
ইসরায়েলের ২৬তম নেসেটের (সংসদ) উদ্বোধনী দিনেই বড় চমক দেখিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ব্লক সংসদীয় অধিবেশন শুরু হওয়ার পরপরই নেতানিয়াহু সরকারের পাস করা বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইন বাতিল এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার বিষয়ে একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনসহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করেছে।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, নতুন সংসদের উদ্বোধনী কার্যদিবসেই আইজেনকোটের ইয়াশার দল এবং ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ পার্টির পক্ষ থেকে নেতানিয়াহু সরকারের বিতর্কিত একাধিক আইন বাতিলের এই যৌথ পদক্ষেপ নেওয়া হয়।
- বিষয় :
- ইসরায়েল
- গাদি আইজেনকট
- নেতানিয়াহু