পুকুরে ডুবে যাওয়া শিশুকে নিজ গাড়িতে নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু
শিশুকে উদ্ধারের পরে বাঁচাতে নিজের গাড়ি বহরে হাসপাতালে ছুটলেন দুলু। ছবি: সমকাল
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৮:৪৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১৮:৪৭
নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে যাওয়া শিশুকে উদ্ধারের পরে বাঁচাতে নিজের গাড়ি বহরে হাসপাতালে ছুটলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু হুইপ দুলু। চিকিৎসা দিয়েও বাঁচানো গেল না শিশুটিকে। আজ রোববার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরে আসার পথে সড়কে সাদিপ হোসেন (৩ বছর ৬ মাস) নামে এক শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। এ সময় গাড়ি থামিয়ে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তিনি দ্রুত নিজের গাড়িতে তুলে নিয়ে এসে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা শিশুটিকে চিকিৎসা দিয়ে বাঁচাতে পারেনি। শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও।
তিনি জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষ করে নাটোরে ফেরার পথে শাখারিপাড়ায় রাস্তায় শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর বুঝতে পেরে আর দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি। এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান।
নাটোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, পুকুরের পানিতে ডুবে যাওয়া একটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গেই চিকিৎসা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি।
- বিষয় :
- নাটোর