পাকিস্তানের জাদুঘরে ভারতীয় পাইলট অভিনন্দনের ভাস্কর্য!
করাচির জাদুঘরে অভিনন্দন- ইন্ডিয়ান এক্সপ্রেস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৭:১৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৭:১৯
নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালানোর সময় ভূপাতিত হওয়া ভারতীয় যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমানের একটি 'ভাস্কর্য' গড়েছে পাকিস্তান। করাচিতে বিমান বাহিনীর এক জাদুঘরে স্থান পেয়েছে এই ভাস্কর্য।
সম্প্রতি করাচির ওই জাদুঘরে একটি কর্নার উদ্বোধন করেন এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান; এ সময়ই অভিনন্দের মতো দেখতে ওই ভাস্কর্যও উন্মোচিত করা হয়।
এক্সপ্রেস ট্রিবিউন বলছে, জাদুঘরে উন্মোচিত হওয়া এই কর্নারে অভিনন্দনের পাশে পাকিস্তানি এক সেনা সদস্যকেও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অভিনন্দন পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ার সময় একই রকম এক সেনাকে তার সঙ্গে দেখা গিয়েছিল।
জাদুঘরের যে গ্যালারিতে পাইলট অভিনন্দনের ভাস্কর্য রাখা হয়েছে তার নাম দেওয়া হয়েছে 'আপারেশন সুইফট রিপোর্ট'। অভিনন্দনের বিমানটিকে ভূপাতিত করা এবং তাকে সীমান্ত দিয়ে ফিরিয়ে দেওয়ার দৃশ্যও ছবিতে উপস্থাপন করা হয়েছে জাদুঘরে।
দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যেই নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে হামলা চালানোর সময় গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের সীমারেখা অতিক্রম করে প্রায় ৭ কিলোমিটার ভেতরে ভূপাতিত হয় ভারতের একটি যুদ্ধবিমান।
ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ বিমান আজাদ জম্মু ও কাশ্মীরে ভূপাতিত হলে ওই বিমান থেকেই প্যারাসুট দিয়ে নেমে একটি গ্রামে প্রথমে স্থানীয় কিছু তরুণ ও পরে পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটক হন পাইলট অভিনন্দন। দফায় দফায় বৈঠক এবং উত্তেজনার মধ্যে অবশেষে পাঞ্জাবের ওয়াঘা-আত্তারি সীমান্ত দিয়ে পাইলট অভিনন্দনকে ফিরিয়ে দেয় পাকিস্তান।
- বিষয় :
- পাইলট অভিনন্দন
- পাকিস্তান
- ভারত
