ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ট্রাম্পের অভিশংসন তদন্তে শুনানি শুরু

ট্রাম্পের অভিশংসন তদন্তে শুনানি শুরু
×

ট্রাম্পের অভিশংসন তদন্তে শুনানিতে প্রতিনিধিরা-রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০০:১৯

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের অভিসংশন তদন্তে প্রথম প্রকাশ্য শুনানি শুরু হয়েছে।

ওয়াশিংটনে বুধবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে কংগ্রেসে প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির সামনে এ শুনানি শুরু হয়েছে। খবর রয়টার্সের।

তার বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাবেক ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কথিত দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দিয়েছিলেন তিনি। 

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন যেন তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, সে জন্যই ওই চাপ প্রয়োগ করেছিলেন ট্রাম্প।

টিভিতে চোখ রেখেছে কোটি কোটি মানুষ। ঐতিহাসিক এ শুনানি অধিবেশনের উদ্বোধন করেন ডেমোক্র্যাট দলের প্রতিনিধি অ্যাডাম শিফ। 

উদ্বোধনী বক্তব্যে শিফ বলেন, ট্রাম্প মিত্রদেশটির দুর্বলতাকে কাজে লাগাতে এবং আমাদের নির্বাচনে ইউক্রেইনকে হস্তক্ষেপ করাতে চেয়েছিলেন কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে। 

শুনানিতে উপস্থিত শীর্ষ কূটনীতিক বিল টেলর জানান, ট্রাম্পের সঙ্গে সাবেক রাজনৈতিক দাতা গর্ডন সন্ডল্যান্ডের একটি কথপোকথন সম্পর্কে তিনি সম্প্রতি জেনেছেন। যেটি ঘটেছিল ট্রাম্প-ইউক্রেইন প্রেসিডেন্ট ফোনকলের পরদিন।

টেলর জানান, কথপোকথনটি তার স্টাফদেরই একজন সদস্য শুনে ফেলেছিলেন। সেই কথপোকথনে ট্রাম্প ওই তদন্তের বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।

আরেকজন কূটনীতিক জর্জ কেন্ট বলেন, বিরোধী পক্ষের বিরুদ্ধে অন্য দেশকে এভাবে কোনো বিষয়ে তদন্ত করতে বলাটাই উচিত নয়, কারণ এতে আইনের শাসন ক্ষুন্ন হয়।

এ অভিযোগ প্রমাণ হলে তাকে ছেড়ে দিতে হবে মসনদ। তবে এ ক্ষেত্রে সিনেটের অনুমোদন লাগবে। যেখানে ১০০ আসনের মধ্যে ৫৩ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ ট্রাম্পের রিপাবলিকান পার্টি। অবশ্য রিপাবলিকান সিনেটরদের কয়েকজন ট্রাম্পের ঘোর বিরোধী। ফলে ট্রাম্প ক্ষমতাচ্যুত হবেন কি-না এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে সিনেটের ভোট পর্যন্ত।


আরও পড়ুন

×