ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

দিল্লি ও বেঙ্গালুরুতে ১৪৪ ধারা, আটক বহু

দিল্লি ও বেঙ্গালুরুতে ১৪৪ ধারা, আটক বহু
×

দিল্লির লালকেল্লার সামনে থেকে আটক করা হচ্ছে এক বিক্ষোভকারীকে-আনন্দবাজার পত্রিকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০১:৪৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩৬

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। প্রতিবাদ-বিক্ষোভ চলছে বেঙ্গালুরু, হায়দরাবাদেও।

দিল্লির লালকেল্লা চত্বরসহ কয়েকটি জায়গায় ১৪৪ ধারা চলছে। কিন্তু তা উপেক্ষা করেই সকাল থেকে ভিড় জমাতে থাকেন বিক্ষোভকারীরা। আগে থেকেই সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা লালকেল্লার সামনে জমায়েত হতেই পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়। এসময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বিক্ষোভে শামিল হয়েছিলেন স্বরাজ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি যোগেন্দ্র যাদব। পুলিশ তাকে আটক করেছে বলে জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

দিল্লির মান্ডি হাউস চত্বরেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সেখান থেকেও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিল্লিতে এদিন ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এই মেট্রো স্টেশনগুলোর মধ্যে রয়েছে-লাল কিলা, জামা মসজিদ, চাঁদনি চক, বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, জাসোলা বিহার, শাহিন বাগ এবং মুনিরকা।

অন্যদিকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল বেঙ্গালুরুও। ১৪৪ ধারা জারি রয়েছে সেখানে। বড়সড় জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তা উপেক্ষা করেই টাউন হলের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। সেখান থেকেই ইতিহাসবিদ রামচন্দ্র গুহসহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

রামচন্দ্র সংবাদমাধ্যমকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করছিলাম। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রের অঙ্গুলিহেলনেই পুলিশ এমন কাজ করছে।

আরও পড়ুন

×