ভারতীয় কফ-সিরাপসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ফরিদপুর অফিস
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ২০:৫৩
ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ৩৫০ বোতল বিশেষ একটি ভারতীয় কফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। শনিবার সকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাতে নগরকান্দা উপজেলার তোফাজ উদ্দিন ফিলিং স্টেশনসংলগ্ন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র্যা ব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল। রাত ১১টা ৫০ মিনিটের দিকে একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ভেতর থেকে ৩৫০ বোতল ভারতীয় কফ সিরাপ জব্দ করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন–চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ইসলাম বাজার এলাকার ছোট বাবু এবং দামুড়হুদা উপজেলার মো. বাবু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এই কফ সিরাপ ও মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এই কফ সিরাপও মাদক হিসেবে ব্যবহৃত হয় বলে জানা গেছে। ফার্মেসিতেও এটি প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ।
র্যা ব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, র্যাবের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার দুই ব্যক্তি এবং জব্দ কফ সিরাপ ও পিকআপ ভ্যান নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
- বিষয় :
- ফরিদপুর
