ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বিএনপির ওপর হামলা আর মেনে নেওয়া হবে না: সেলিম ভূঁইয়া

বিএনপির ওপর হামলা আর মেনে নেওয়া হবে না: সেলিম ভূঁইয়া
×

মো. সেলিম ভুঁইয়া

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ২১:৪৬ | আপডেট: ২০ জুন ২০২৬ | ২১:৪৯

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেছেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও দলের শীর্ষ নেতাদের ছবি ভাঙচুরের ঘটনা আর মেনে নেওয়া হবে না। 

শনিবার বিকেলে কুমিল্লার হোমনা উপজেলার ৪ নম্বর চান্দেরচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন কর্তৃক বটতলী বাজার মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছর আমরা জামায়াতকে ছায়া দিয়ে রেখেছি। তাদের গায়ে আঁচড় এলে সেটি আমাদের গায়েও লেগেছে। কিন্তু এখন তারা আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর করছে, আমাদের নেতা ও সাবেক প্রধানমন্ত্রীর ছবি ভাঙছে, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এসব আর মেনে নেওয়া হবে না। 

জাতীয় নির্বাচনের সময় নিজের বিরুদ্ধে দলের একটি অংশ অবস্থান নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির একটি অংশ আমার বিরোধিতা করেছে। অনেক বড় নেতাও আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কিন্তু জনগণ ধানের শীষকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। 

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রসঙ্গে তিনি বলেন, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু কোনো অন্যায় বা অপকর্মের সঙ্গে জড়িত নন, তাদের জন্য বিএনপির দরজা খোলা রয়েছে। 

দলীয় শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একই পরিবারের একজন বিএনপি করবে, একজন জামায়াত করবে, আরেকজন ছাত্রদল করবে—এ ধরনের গুপ্ত বা দ্বৈত রাজনীতি বন্ধ করতে হবে। 

এর আগে জনসভায় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। পাশাপাশি চান্দেরচর ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়ক অবকাঠামোর উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা চেয়ারম্যান, আবু নাসের ওয়াহেদ সম্পদ, আব্দুল আজিজ সাবমিয়া চেয়ারম্যান এবং ইয়ামুছাসহ অন্যরা।

অনুস্থানে সভাপতিত্ব করেন চান্দেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হাসান (জাকি)। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সৈকত আলী মোল্লা ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাউসার মিয়া।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×