ভূমি গ্যালারির নতুন শাখায় চিত্রপ্রদর্শনী ‘পারসিসটেন্স’
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ২২:২৮
দেশের দশজন বিশিষ্ট শিল্পীর নির্বাচিত চিত্রকর্ম নিয়ে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে দলীয় চিত্রপ্রদর্শনী ‘পারসিসটেন্স’। শনিবার উত্তরার সেন্টার পয়েন্টে ভূমি গ্যালারির নতুন শাখায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রদর্শনীটি। ভূমি গ্যালারির আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের দশজন শিল্পীর আঁকা ৬৬টি চিত্রকর্ম। প্রয়াত শিল্পী তরুণ ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে।
অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন সদ্যপ্রয়াত শিল্পী তরুণ ঘোষ, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, আহমেদ সামসুদ্দোহা, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, শহিদ কাজী এবং আব্দুল্লাহ আল বশির।
উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, সংস্কৃতি একটি জাতির পরিচয়ের মূল ভিত্তি। শিল্প বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংযোগ স্থাপনের শক্তিশালী মাধ্যম। একটি বাণিজ্যিক কেন্দ্রের ভেতরে উন্মুক্ত শিল্পগ্যালারি প্রতিষ্ঠার উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।
বিশেষ অতিথি মনিরুল ইসলাম বলেন, মানুষের জীবনে এমন এক শূন্যতা রয়েছে, যা কেবল সংস্কৃতি ও শিল্পচর্চার মাধ্যমেই পূরণ করা সম্ভব। সংস্কৃতিরচর্চা না থাকলে সমাজে সহিংসতা ও বিশৃঙ্খলা বাড়তে পারে।
ভূমি গ্যালারির প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সাইফুর রহমান লেলিন বলেন, রাজধানীতে বিপুলসংখ্যক মানুষ বসবাস করলেও শিল্পচর্চার ক্ষেত্র ও সুযোগের অভাবে সাধারণ দর্শকরা গ্যালারিমুখী হতে পারেননি। এই উদ্যোগ সেই সীমাবদ্ধতা কাটিয়ে শিল্পকে মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে ‘পারসিসটেন্স’ প্রদর্শনী।
- বিষয় :
- চিত্র প্রদর্শনী
