তরুণীকে অনৈতিক প্রস্তাব ও হয়রানির তদন্ত
চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিবকে শোকজ
এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব এবং সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ২০:৩৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজাউদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলাকালে অভিযোগকারীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে দলটির চট্টগ্রাম মহানগর শাখার শীর্ষ দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন—দলটির মহানগর কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব এবং সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন।
শনিবার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এই দুই নেতার কাছে পৃথক দুটি চিঠির মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিত আকারে দলটির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ১৮ জুন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজাউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা পড়ে। ওই অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু অভিযোগটি এখনো তদন্তাধীন থাকা অবস্থায় এবং কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত আসার আগেই মহানগর কমিটির এই দুই শীর্ষ নেতা অভিযুক্তের পক্ষ অবলম্বন করেন।
মীর মোহাম্মদ শোয়াইবের বিরুদ্ধে অভিযোগ, তিনি তদন্তাধীন বিষয়ে দলীয় প্যাডে ‘প্রেস রিলিজ’-এর মাধ্যমে সরাসরি পক্ষ নিয়েছেন। অন্যদিকে সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনিও দলীয় প্যাডে পক্ষ নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ফেসবুকে অভিযোগকারীকে অত্যন্ত হীন ভাষায় আক্রমণ করেছেন। চিঠিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী। সাংগঠনিক সিদ্ধান্তের আগেই অভিযুক্তের পক্ষে অবস্থান নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক মন্তব্য করা দল কোনোভাবেই মেনে নেবে না।
এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব বলেন, আমি অসুস্থ ছিলাম, হাসপাতালে ভর্তি ছিলাম। এরই মধ্যে একটি স্পর্শকাতর বিষয়ে আমার অগোচরে কে বা কারা দলের অফিশিয়াল প্যাড ব্যবহার করে আমার নামে বিবৃতি দিয়েছেন, সেটি আমার বোধগম্য হচ্ছে না। বিষয়টি আমি খতিয়ে দেখব এবং দলের হাইকমান্ডকেও এ বিষয়ে তথ্য-প্রমাণসহ বিস্তারিত জানাব।
একই প্রসঙ্গে সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনও জানিয়েছেন, যে বিষয়ে তাকে শোকজ করা হয়েছে, কেন্দ্রকে তার অবস্থান পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়া হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা সুজাউদ্দিন ও চট্টগ্রাম মহানগর নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও হয়রানির অভিযোগ তোলেন দলটির এক নারী কর্মী। পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে তাকে নগরের একটি হোটেলের বারে ডেকে নিয়ে অশোভন আচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। অভিযোগকারী নিজেকে জুলাই অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী ও এনসিপির সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দেন। তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত কার্যক্রম চলাকালে এই দুই নেতার বিরুদ্ধে পক্ষাবলম্বনের অভিযোগ ওঠে। চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিযোগকারী নারীকে ‘ভাড়া করা নর্তকী’ বলেও মন্তব্য করেন।
