ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

উত্তর প্রদেশে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি চালানোর ভিডিও প্রকাশ্যে

উত্তর প্রদেশে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি চালানোর ভিডিও প্রকাশ্যে
×

ছবি ভিডিও থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ২৩:০১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ | ২৩:১১

নাগরিক আইনের প্রতিবাদে সবচেয়ে বেশি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারতের উত্তর প্রদেশে। এই রাজ্যে গত বৃহস্পতিবার থেকে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের টানা সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে গুলিতে। 

রাজ্য পুলিশের বক্তব্য, নিহতদের মধ্যে কেউই পুলিশের গুলিতে মারা যাননি, বিক্ষোভকারীদের ওপর একটিও গুলি চালায়নি পুলিশ। তবে কানপুরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে শনিবার সংঘর্ষ চলাকালীনই এই দাবির ঠিক উল্টো প্রমাণই পাওয়া গেছে। সংঘর্ষের পরদিনই এমন একটি ভিডিও প্রকাশ পেয়েছে যাতে স্পষ্টভাবে কানপুরের এক পুলিশ সদস্যকে তার রিভলবার দিয়ে গুলি চালাতে দেখা যাচ্ছে। খবর এনডিটিভির

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষস্থলে হাতে একটি রিভলবার এবং লাঠি নিয়ে হাঁটতে দেখা যাচ্ছে এক পুলিশ সদস্যকে। কিছুক্ষণ পরই এক পাশে হেঁটে গিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান তিনি।

আর এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরও উত্তর প্রদেশ পুলিশ দাবি করেছে, বিক্ষোভের কারণে রাজ্যে নিহতদের কেউই পুলিশের গুলিতে প্রাণ হারাননি।

গুলি চালানোর বিষয়টি অস্বীকার করে উত্তর প্রদেশের পুলিশ প্রধান ওপি সিং বলেন, ‘আমরা একটি গুলিও চালাইনি।’

পুলিশের অপর এক কর্মকর্তা অভিযোগ করেন, বিক্ষোভকারীরাই আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিল। আগ্নেয়াস্ত্র ব্যবহারের ফলে ৫৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক (আইনশৃঙ্খলা) প্রবীণ কুমার বলেন, ‘উত্তর প্রদেশ জুড়ে ৪০০ টিরও বেশি খালি কার্তুজ উদ্ধার হয়েছে, এতেই প্রমাণিত যে বিক্ষোভকারীরা দেশি বন্দুক থেকেই গুলি চালাচ্ছিল।’

আরও পড়ুন

×