ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মেয়ে হওয়ার আনন্দে বিনামূল্যে ক্রেতাদের ফুচকা খাওয়ালেন বিক্রেতা

মেয়ে হওয়ার আনন্দে বিনামূল্যে ক্রেতাদের ফুচকা খাওয়ালেন বিক্রেতা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১ | ০২:০১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ | ০৩:১৪

কন্যা সন্তানের জন্ম দিলে আজও অনেক পরিবারে মাকে কথা শুনতে হয়। অনেক ক্ষেত্রে স্বামীরাও নিজের কন্যা সন্তানকে মেনে নিতে না পেরে স্ত্রীকে দোষারোপ করেন। নবজাতক কন্যা হত্যার ঘটনাও অনেকে দেশে ঘটে।

তবে এর বিপরীত চিত্রও আছে। মেয়ে হলে যে অনেক পরিবারে খুশীর বন্যা বয়ে যায় তারই প্রমাণ দিলেন এক ফুচকা বিক্রেতা। কন্যা সন্তানের জন্মের খুশীতে শত শত মানুষকে বিনামূল্যে ফুচকা খাইয়েছেন তিনি! ফুচকা খাওয়াতে তার ৫০ হাজার রুপিরও বেশি খরচ হয়েছে।  খবর ইন্ডিয়া টিভির

ঘটনাটি ভারতের ভোপালের। অঞ্চল গুপ্ত নামের ওই ফুচকা বিক্রেতা ভোপালের কোলার এলাকায় ফুচকা বিক্রি করেন। মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন তিনি। কিন্তু পুঁথিগত বিদ্যা না থাকলেও এক জন উচ্চ শিক্ষিতকেও ছাপিয়ে যেতে পারেন নিজের উচ্চ চিন্তাধারা দিয়ে।

চলতি বছরের ১৭ আগস্ট তার কন্যা সন্তানের জন্ম হয়। এটি অঞ্চলের দ্বিতীয় সন্তান। বছর দু’য়েক আগে তার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। সে বারেও কন্যা সন্তান চেয়েছিলেন অঞ্চল। দ্বিতীয় সন্তান কন্যা হওয়ায় স্বপ্নপূরণ হয় তার।

অঞ্চল বলেন, যখন খবর পেলাম আমার মেয়ে হয়েছে তখন খুবই খুশি হয়েছি। কিছু লোক অবশ্য মেয়ে হওয়ার খবরে নেতিবাচক  প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বলেছিল, মেয়ে সন্তান বোঝার মতো।

তিনি আরও বলেন, আমার আয় খুবি সীমিত। কিন্তু যারা মেয়ে সন্তানকে বোঝা মনে করে তাদেরকে বার্তা দেওয়ার জন্য আমি বিনামূল্যে ফুচকা খাওয়ানোর আয়োজন করি। অঞ্চল বলেন, আমি গর্বিত আমার মেয়ে আছে বলে।

কন্যা সন্তানের জন্ম উৎসব পালন করতে বিনামূল্যে ফুচকা খাওয়ানোর কথা জানিয়ে দোকানে একটি বোর্ডও ঝুলিয়ে দিয়েছিলেন অঞ্চল।

এদিকে, বিনামূল্যে ফুচকা খাওয়ার খবর ঝড়ের গতিতে সারা ভোপালে ছড়িয়ে পড়ে। ওই দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অঞ্চলের দোকানের সামনে রীতিমতো ফুচকাপ্রেমীদের লাইন পড়ে গিয়েছিল।

রাস্তার পাশে যেখানে ফুচকার ঠেলাগাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি, তার পাশেই বসে খাওয়ার ব্যবস্থা করেছিলেন অঞ্চল।কয়েকটি টেবিল পেতে দিয়েছিলেন। প্রতি টেবিলে এক ঝুড়ি করে ফুচকা এবং তেঁতুল পানি ও অন্যান্য সামগ্রী রেখে দিয়েছিলেন। পাশাপাশি করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ক্রেতাদের সতর্ক করেন তিনি।




আরও পড়ুন

×