ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ইরাক থেকে মার্কিন সেনা বের করলে কঠোর নিষেধাজ্ঞা: ট্রাম্প

ইরাক থেকে মার্কিন সেনা বের করলে কঠোর নিষেধাজ্ঞা: ট্রাম্প
×

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০২:২৪

ইরাক থেকে মার্কিন সেনাদের বের করে দেওয়া হলে বাগদাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বিমানে করে রাজধানী ওয়াশিংটন ডিসি যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ হুমকি দেন। খবর এএফপির।  

এর আগে মার্কিন সেনাসহ সব বিদেশি সেনাকে ইরাক থেকে বিদায় করতে এক প্রস্তাব দেশেটির পার্লামেন্টে পাস হয়। এরপরই ট্রাম্পের এমন হুঁশিয়ারি এলো। 

ইরাকি পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সেখানে আমাদের অত্যন্ত ব্যয়বহুল একটি বিমান ঘাঁটি আছে। যা নির্মাণ করতে শত শত কোটি ডলার ব্যয় হয়েছে। এর মূল্য পরিশোধ না করা পর্যন্ত আমরা সেখান থেকে সরছি না।’

শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি। এরপর থেকে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এই হত্যাকাণ্ডের ‘চরম প্রতিশোধ’নেওয়ার অঙ্গীকার জানিয়েছে ইরান।মার্কিন সেনাদের দেশ থেকে বের করে দিতে একটি প্রস্তাব পাস করে ইরাকের পার্লামেন্টে।

কোনো কারণেই যাতে বিদেশি সেনারা ইরাকের স্থল, জল ও আকাশসীমা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানানো হয় ওই প্রস্তাবে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘ইরাক যদি অবন্ধুসুলভ আচরণ করে যুক্তরাষ্ট্রের বাহিনীগুলোকে চলে যেতে বলে তবে তাদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করবো যা তারা কখনোই দেখেনি। এর কাছে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোও নিরীহ মনে হবে।’

২০০৩ সালে সাদ্দাম হোসেনকে উৎখাতে বহুজাতিক বাহিনীর অভিযান শুরুর পর ইরাকে ঘাঁটি গাড়ে যুক্তরাষ্ট্রের সৈন্যরা। 

২০০৭ সালে সৈন্য প্রত্যাহার শুরু হয়ে ধাপে ধাপে অধিকাংশকে ফিরিয়ে আনা হলেও এখনও সেখানে যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ হাজার সেনা রয়েছে। কাগজে-কলমে তারা মূলত উপদেষ্টা হিসেবে কাজ করছে।

আরও পড়ুন

×