সময়
ছবি :: সাদিক খান
শামসুর রাহমান
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ০৭:৫৭ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ | ০৮:০৭
| প্রিন্ট সংস্করণ
সময় ক্ষুধার্ত বাঘ। পশু, পাখি, উদ্ভিদ, মানুষ
গ্রাম আর জনপদ যা পায় গোগ্রাসে গিলে ফেলে
এবং প্রত্যহ খোঁজে নতুন শিকার। চোখ মেলে
চেয়ে থাকে রাত্রিদিন, হিংস্রতায় প্রখর, বেহুঁশ।
অশেষ ধ্বংসের কালি মুখে তার মেখেছে কলুষ
যুগে যুগে। জঠরে কি দাঁতে অবাস্তব ক্ষুধা জ্বেলে
ছোটে যায় লোকালয়ে, সভ্যতায়, গেলে অবহেলে
সব কিছু; মহানন্দে ওড়ায় সে জয়ের ফানুস।
আমাকেও প্রতিক্ষণ খাচ্ছে আঘাটায়, আমি তার
জ্বলন্ত চোয়ালে বিদ্ধ, যেমন উদ্ধার অসম্ভব
জেনেও পথিক কোনো পাহাড়ের খোঁচে প্রাণপণে
পাথর আঁকড়ে ঝুলে থাকে। আর যে মানবতার
দায়ভাগ বয়ে চলি তারই টানে করে যাই স্তব
অমৃতের, যদিও বিরাম নেই কালের হননে।
শামসুর রাহমান [১৯২৯–২০০৬]
কাব্যগ্রন্থ: বিধ্বস্ত নীলিমা। প্রকাশকাল : ১৯৬৭
- বিষয় :
- কবিতা
