ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পিছনে ফেলে আসি 

পিছনে ফেলে আসি 
×

ছবি :: জিয়া উদ্দিন

রফিক আজাদ

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ০৮:০১ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ | ১২:০১

| প্রিন্ট সংস্করণ

পিছনে ফেলে আসি
একটি বাড়ি নিকোনো নয়, পরিত্যক্ত, ভাঙা ইটের সারি 
বয়ঃপ্রাপ্ত কিছু বৃক্ষ  শুকনো ডালপালা

পিছনে ফেলে আসি
কিশোর ঘুড়িগুলি আদিগন্ত দীর্ঘ হালট 
শিউলি ঝরা ভোর
বোষ্টমীদের নাড়ুমোড়া 
ঝকঝকে ঘরদোর এবং তাদের মিষ্টি ঠাট্টা 
ও-গো, হ্যাঁ-গো, হাসি
 
পিছনে ফেলে আসি
পায়ে চলা পথ রেশমি ঘাসের বন 
কয়েকটি খুব পুরনো গাছপালা
শ্যাওলা সবুজ জলের পুকুর 
পুকুরে সাঁতরানো বুকে স্তব্ধ হয়ে থাকা 
রোল-উৎরোল সাত সমুদ্রের ঢেউ

পিছনে ফেলে আসি
গভীর গহন হাতিঘাসের বন চিনিচম্পা আমের দুপুর 
কিংবা কোনো আকাশপুর
জলবতী মেঘের মৃদু একটানা বর্ষণ...

পিছনে ফেলে আসি কলাগাছের ছায়ায় ওড়া 
অপেক্ষাতুর একটি সবুজ শাড়ি 
বিদায় বলা একটি মুখের 
কান্নাচাপা হাসি।
পিছনে ফেলে আসি। [অংশ]

রফিক আজাদ [১৯৪১–২০১৬]
কাব্যগ্রন্থ : চুনিয়া আমার আর্কেডিয়া প্রকাশকাল : ১৯৮৩

আরও পড়ুন

×