ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভবন ভাঙার কাজ করতে গিয়ে বাবার সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু

ভবন ভাঙার কাজ করতে গিয়ে বাবার সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু
×

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৩:৩৫

ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিত্যক্ত একটি ভবন ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর কালীগঞ্জ উপজেলার হেলা গ্রামের জামের আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সম্প্রতি কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি নিলামে বিক্রি করা হয়। ভবনটি কেনেন ঠিকাদার রিয়াজ আহম্মেদ। গত সাত থেকে আট দিন ধরে জামের আলী ও তার ছেলে ইয়ানুর ভবনটি ভাঙার কাজ করছিলেন।

সোমবার সকালে ভবনের একটি রড টানার সময় ইয়ানুরের হাতে থাকা রডটি অসাবধানতাবশত ভবনের ওপর দিয়ে যাওয়া পিডিবির ৩৩ হাজার ভোল্টের খোলা বিদ্যুৎ লাইনের সঙ্গে স্পর্শ করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তার বাবা জামের আলী ইয়ানুরকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর বিদ্যুৎ অফিসের আবাসিক সহকারী প্রকৌশলী সাইদুজ্জামান বলেন, কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। তার দাবি, এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের দায় নেই।

কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×