নিখোঁজ শিশুর মরদেহ মিললো প্রতিবেশীর ঘরে, ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতীকী ছবি
নড়াইল সংবাদদাতা
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১২:১৯
নড়াইল সদরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবক পলাতক রয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে নড়াইল সদরের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম রবিউল ইসলাম (৩০)।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেল ৫টার পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের বাড়ির একটি ঘরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে আটকের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- নড়াইল
- ধর্ষণের পর হত্যা