এআই চশমায় বিশ্ব দেখা
ভয়েস কমান্ডে পরিচালিত এআই চশমা দৃষ্টিহীন ব্যবহারকারীদের জন্য এক অনন্যসাধারণ উদ্ভাবন
শাহেরীন আরাফাত
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ০০:৪৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:০৩
আমরা এমন এক যুগে প্রবেশ করছি, যেখানে জেনারেটিভ এআই পণ্য–যেমন চ্যাটজিপিটি কিংবা জেমিনি–আমাদের দেখা ও শোনা তথ্য বিশ্লেষণ করতে পারছে, যদি আমরা সেগুলোতে সেই ডেটা-স্ট্রিম সরবরাহ করি। এই অগ্রগতি অবশ্যই আমাদের এআইয়ের সঙ্গে মিথস্ক্রিয়ার ধরন পাল্টে দেবে। বিশেষত দৃষ্টিহীন মানুষের জন্য এটি হতে পারে জীবন পাল্টে দেওয়া সহায়ক প্রযুক্তি। স্মার্ট চশমা দৃষ্টি-প্রতিবন্ধকতা থাকা মানুষদের জন্য নতুন দ্বার উন্মুক্ত করে দিয়েছে।
স্মার্ট চশমার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে–স্বাভাবিক ভাষায় প্রশ্নের উত্তর দেওয়া, ক্যালেন্ডার দেখা বা রিমাইন্ডার সেট করা। সবকিছু পরিচালিত হয় ভয়েস কমান্ডে; যা দৃষ্টিহীন ব্যবহারকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্যবহারকারীকে কোনো কিছুর দিকে তাকাতে বা ছুঁতে হয় না; পুরো অভিজ্ঞতাই হ্যান্ডস-ফ্রি। হার্ডওয়্যারটিও হালকা, মজবুত এবং ওয়াটার প্রুফ।
শুধু দৃষ্টিহীনদের জন্য নয়; এই চশমা সহায়ক হতে পারে প্রবীণদের জন্যও, যারা দৈনন্দিন কাজে সাহায্য চান। জ্ঞানগত প্রতিবন্ধকতা আছে এমন ব্যক্তি ও তাদের প্রতি যত্নশীলদের জন্যও এটি কার্যকর। এমনকি আধুনিক প্রযুক্তিতে অতিষ্ঠ কিন্তু এআই ব্যবহার জানতে আগ্রহী মানুষের কাছেও এটি উপকারী হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
অ্যান্ডি ইভান্সের অভিজ্ঞতা
অ্যান্ডি ইভান্স দাঁড়িয়ে আছেন পাথরের দেয়ালের সামনে ফুটপাতে। মাথায় টুপি, পিঠে ব্যাকপ্যাক, হাতে সাদা লাঠি। চোখে পরা এআই চশমা। অ্যান্ডি দৃষ্টিশক্তি হারানোর পর চাকরি হারিয়েছিলেন। তিনি বলছেন, নতুন এআই চশমা তাঁর জীবনে ‘অসাধারণ পরিবর্তন’ এনেছে।
৫৭ বছর বয়সী অ্যান্ডি ইভান্স ইংল্যান্ডের বাথ শহরের কাছে লার্কহলে থাকেন। দৃষ্টিশক্তি হারানোর পর মোরিসন্স সুপারমার্কেটে রাতের চাকরি ছেড়ে দেন। ফলে বেকার হয়ে পড়েন। চশমাটি কেনার পর তাঁর জীবনে অনেক পরিবর্তন এসেছে। চশমার ফ্রেমে ছোট্ট ক্যামেরা ও কানের কাছে ছোট স্পিকার রয়েছে। তিনি এখন আবার রেস্টুরেন্টে গিয়ে নিজের খাবার অর্ডার করতে পারেন এবং পথ চলতে ‘সামনে কী বাধা আছে’, সেটিও চশমাকে জিজ্ঞেস করে জানতে পারেন।
এআই চশমা ভয়েস-অ্যাক্টিভেটেড; ব্যবহারকারীরা জিজ্ঞেস করে এতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিতে পারেন। যুক্তরাজ্যে ব্যবহারকারীরা বিভিন্ন সেলিব্রিটি কণ্ঠ বেছে নিতে পারেন। অ্যান্ডি ইভান্স জানিয়েছেন, তিনি ডেম জুডি ডেঞ্চের কণ্ঠ বেছে নিয়েছেন, যিনি তাঁকে ‘জেমস বন্ড’ বা ‘০০৭’ বলে ডাকেন। এখন তিনি আবার কাজে ফিরেছেন। ‘সাইট সাপোর্ট ওয়েস্ট অব ইংল্যান্ড’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠানে তিনি দৃষ্টিশক্তি হারানো মানুষদের সহায়তা করছেন।
বিবিসি রেডিও ব্রিস্টলকে অ্যান্ডি বলেছেন, ‘আমি আসলে অনেক কিছুতেই আটকে ছিলাম। এখন যা করতে পারি, চশমাকে জিজ্ঞেস করি, চারপাশে কী ঘটছে–সে আমায় বলে দেয়। এটি সত্যিই জীবন পাল্টে দেওয়া প্রযুক্তি।’
রয়্যাল ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্লাইন্ড পিপলের (আরএনআইবি) অন্তর্ভুক্তিমূলক ডিজাইন প্রধান রবিন স্পিংক্স বলেছেন, ‘প্রযুক্তি কীভাবে দৃষ্টিহীন মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনছে, এই ধরনের চশমা তার উৎকৃষ্ট উদাহরণ।’ রবিন স্পিংক্স নিজেও আংশিক দৃষ্টিহীন। তিনি আরও বলেন, ‘আমি এই চশমা ব্যবহার করি। কোনো ঘর, সমুদ্রসৈকত বা এমনকি চিড়িয়াখানার খাঁচার বর্ণনা পেয়ে যাওয়া অসাধারণ অভিজ্ঞতা। এআই দ্রুত অগ্রসর হচ্ছে। স্মার্ট চশমার বাজার এখনও প্রাথমিক পর্যায়ে। এর সম্ভাবনা অপরিসীম।’
এআই চশমা দ্রুত বিকশিত হচ্ছে–এআই ক্ষমতা, ডিসপ্লে প্রযুক্তি ও ব্যাটারি লাইফ প্রতিনিয়ত উন্নত হচ্ছে। ভবিষ্যতে এ চশমায় আরও উন্নত অগমেন্টেড রিয়েলিটি (এআর) অভিজ্ঞতা, শক্তিশালী এআই সহকারী এবং বিভিন্ন স্মার্ট ডিভাইস ও পরিষেবার সঙ্গে আরও সাবলীল সংযোগ যুক্ত হতে পারে।

যেভাবে কাজ করে
অগমেন্টেড রিয়েলিটি (এআর): ব্যবহারকারীর চোখের সামনে ডিজিটাল তথ্য প্রদর্শন করে; যা নেভিগেশন, প্রাসঙ্গিক তথ্য কিংবা দৃষ্টি-প্রতিবন্ধকতা থাকা মানুষদের জন্য ভিজ্যুয়াল সংকেত হিসেবে কাজে লাগতে পারে।
- অবজেক্ট রিকগনিশন: চারপাশের বস্তু চিনে নিয়ে সেগুলো সম্পর্কে তথ্য দেওয়া বা করণীয় প্রস্তাব করা।
- ভয়েস কন্ট্রোল ও এআই অ্যাসিস্ট্যান্ট: ভয়েস কমান্ডের মাধ্যমে চশমা নিয়ন্ত্রিত হয়, তথ্য সংগ্রহ ও প্রসেস করে।
- রিয়েল-টাইম অনুবাদ: কথোপকথনকে তাৎক্ষণিকভাবে অনুবাদ করে দিতে পারে।
- স্বাস্থ্য পর্যবেক্ষণ: বিভিন্ন সেন্সরের মাধ্যমে স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও ব্যবহারকারীকে জানায়।
- হ্যান্ডস-ফ্রি কন্ট্রোল: কোনো ডিভাইস না ছুঁয়েও তথ্য পাওয়া ও কাজ সম্পাদন।
- ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি: উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও ধারণ, অনেক সময় ইমেজ স্ট্যাবিলাইজেশনের সুবিধাসহ।
- স্মার্টফোন সংযোগ: ফোনের ফিচার, নোটিফিকেশন বা অ্যাপ নিয়ন্ত্রণের সুবিধা।
- কাস্টমাইজেশন: ব্যবহারকারীর পছন্দমতো ভয়েস বা সেটিংস পরিবর্তন করা সম্ভব।
- স্টাইলিশ ডিজাইন: আধুনিক ফ্যাশনের সঙ্গে মানানসই আকর্ষণীয় নকশা।
- বিষয় :
- চোখ
- এআই
- স্মার্ট চশমা
- এআই চশমা
- শাহেরীন আরাফাত
