হাইকোর্টে বিচারক নিয়োগ: শুধু ৫৩ জনের সাক্ষাৎকার নেওয়ায় আইনি নোটিশ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ১৬:৩৪
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগের জন্য শুধু ৫৩ জনের সাক্ষাৎকার গ্রহণ করায় আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহদী জামান (বনি) ও মশিউর রহমান এই নোটিশ পাঠান।
নোটিশে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সচিবকে বিবাদী করা হয়েছে।
নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে বিচারপতি নিয়োগের জন্য সব আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণের অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনগত প্রতিকার পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হবে বলে নোটিশে জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, গণবিজ্ঞপ্তির শর্ত পূরণ করে ৩০০ জনের অধিক দরখাস্ত করলেও কেবল ৫৩ জনকে সাক্ষাৎকার নেওয়ার জন্য ডাকা রহস্যজনক। বিষয়টি বৈষম্যমূলক। শুধু ৫৩ জনকে ভাইভা বোর্ডে ডাকা এবং বাকিদের না ডাকা সংবিধানের সমতার বিধান ও সমান সুযোগের বিধানের সাথে সাংঘর্ষিক। অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের একজন সদস্যের স্ত্রী ইন্টারভিউ দিয়েছেন যা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট দোষে দুষ্ট। এছাড়া পতিত স্বৈরাচারের দোসরদের কোন বিবেচনায় ডাকা হয়েছে তা অজানা। পুরো বিষয়টি ২০২৪ বিপ্লবের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।
- বিষয় :
- বিচারপতি
- সুপ্রিম কোর্ট
- হাইকোর্ট
- আইনি নোটিশ
