এশিয়ার সেরা আইনজীবীদের তালিকা: দেশের মধ্যে শীর্ষে সারা হোসেন, নিহাদ কবির ও ওমর সাদাত
ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার নিহাদ কবির ও ব্যারিস্টার ওমর সাদাত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ২০:০৫
হংকংভিত্তিক আন্তর্জাতিক আইনি সাময়িকী ‘এশিয়া বিজনেস ল’ জার্নাল’ বাংলাদেশের শীর্ষ আইনজীবীদের নিয়ে প্রকাশিত ‘দ্য এ-লিস্ট’ র্যাঙ্কিংয়ে দেশের তিন আইনজীবীকে অন্তর্ভুক্ত করেছে। তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার নিহাদ কবির ও ব্যারিস্টার ওমর সাদাত। এ তালিকায় বাংলাদেশের মোট ৫৬ জন শীর্ষ আইনজীবী স্থান পেয়েছেন।
গতকাল মঙ্গলবার এশিয়া বিজনেস ল’ জার্নালের ওয়েবসাইটে এ আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রকাশ করা হয়। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ল’ ফার্মের পার্টনার, ইন-হাউস লিগ্যাল কাউন্সেলদের মনোনয়ন, স্বাধীন গবেষণা এবং ক্লায়েন্টদের মূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
সাময়িকীটির ভাষ্য, অর্থনৈতিক মন্দা ও ব্যবসায়িক চ্যালেঞ্জের সময়ে বাংলাদেশে এমন আইনজীবীদের চাহিদা বেশি, যারা শুধু আইনি সমাধান দেওয়ার পাশাপাশি জটিল ব্যবসায়িক ও বাণিজ্যিক বিষয়ে বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম।
এশিয়া বিজনেস ল’ জার্নাল প্রতি বছর এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আইনজীবীদের কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে এ মর্যাদাপূর্ণ র্যাঙ্কিং প্রকাশ করে।