ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মহিলা মাদ্রাসায় চাকরি করায় জামায়াতের আমিরের পদ স্থগিত

মহিলা মাদ্রাসায় চাকরি করায় জামায়াতের আমিরের পদ স্থগিত
×

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০১:০৩

জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ সাংগঠনিক নীতিমালা লঙ্ঘন করায় ফুলপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম কিবরিয়ার আমির ও রুকন (সদস্য) পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের বিধান অনুযায়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন মাস্টারকে ফুলপুর উপজেলার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

দলীয় সূত্র নিশ্চিত করেছে, জামায়াতে ইসলামীর বিদ্যমান সাংগঠনিক রূপরেখা অনুযায়ী কোনো সদস্য বা রুকন যদি নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তবে তাদের রুকন পদ স্থগিত রাখার বিধান রয়েছে। সেই নীতিমালার প্রশাসনিক প্রয়োগ হিসেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক গোলাম কিবরিয়া দীর্ঘ দিন ধরে স্থানীয় ‘ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ’-এ শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।

দলীয় কার্যালয় সূত্রে জানা যায়, রুকন পদ স্থগিত হওয়ার কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আমিরের পদটি শূন্য হয়। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা জামায়াতের বর্তমান সেক্রেটারি জাকির হোসেন মাস্টার ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অধ্যাপক গোলাম কিবরিয়ার মোবাইলে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

জেলা জামায়াতের আমির আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, তাকে আপাতত আমিরের পদ থেকে সরিয়ে রাখা হয়েছে। এটি দলীয় অভ্যন্তরীণ ব্যাপার। তবে এটি তার জন্য কোনো শাস্তি নয়।

আরও পড়ুন

×