ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ভুয়া পরোয়ানা বন্ধে পুলিশের ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ

ভুয়া পরোয়ানা বন্ধে পুলিশের ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ
×

ফাইল ফটো

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৬

| প্রিন্ট সংস্করণ

ভুয়া পরোয়ানার মাধ্যমে গ্রেপ্তার ও হয়রানি বন্ধে কোনো পরোয়ানা বাস্তবায়নের আগে পুলিশের কেন্দ্রীয় ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তা যাচাই করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গুলশানের আরিফ নিয়াজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়ে জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এ মাওলা সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেন। 

আদালতের ওই নির্দেশনা বাস্তবায়নে বিষয়টি পরিপত্র আকারে জারি করে তা সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠাতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, যে কোনো নাগরিককে গ্রেপ্তার করতে হলে ফৌজদারি কার্যবিধির বিধান অনুসরণ করতে হবে। অন্যথায় আইনের ব্যত্যয় হবে। ভুয়া পরোয়ানার মাধ্যমে গ্রেপ্তার হলে একজন নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়, যা রোধ করা সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। রায়ে বলা হয়, আদালতের মাধ্যমে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে জন্য মামলা দায়ের ও গ্রেপ্তারের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

রায়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে, যে কোনো নালিশি মামলা দায়েরের সময় বাদী ও আইনজীবীর পরিচয় নিশ্চিত করতে বাদীর জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং আইনজীবীর পরিচয়পত্র মামলার সঙ্গে সংযুক্ত রাখা নিশ্চিত করতে জেলা জজ, মহানগর জজ, সিএমএমসহ সব নিম্ন আদালতের বিচারকের কাছে নির্দেশনা পাঠাতে হবে।

ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে প্রতিপক্ষকে গ্রেপ্তার ও হয়রানি বিষয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে রিট আবেদনটি করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। মামলায় স্বরাষ্ট্র সচিব, আইজিপি, র‌্যাবের ডিজি, ডিএমপি কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, গুলশান থানার ওসিসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

আরিফ নিয়াজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়ে শুনানি শেষে হাইকোর্ট ২০১৩ সালের ৩০ জানুয়ারি রুল জারি করেন। রিটকারী এইচআরপিবির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিন।

আরও পড়ুন

×