ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাংস্কৃতিক কার্যক্রমে বাধা থেকে সুরক্ষা চেয়ে হাইকোর্টে রিট

সাংস্কৃতিক কার্যক্রমে বাধা থেকে সুরক্ষা চেয়ে হাইকোর্টে রিট
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৯:২১

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে বিকৃত করাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার জনস্বার্থে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।

আবেদনে তিনি উল্লেখ করেন, দেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা সৃষ্টির মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক বিকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে। দেশের সাংস্কৃতিক শিল্প, সাহিত্য ও ঐতিহ্য রক্ষা করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে সংবিধানের ২৩ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ধর্মের নাম ব্যবহার করে একশ্রেণির মানুষ অপব্যাখ্যার মাধ্যমে দেশের সংস্কৃতি ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। রিট আবেদনে রবীন্দ্রনাথের কাজ, কনসার্ট, নাটক, সিনেমা এবং গানসহ সব সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্প-সাহিত্যের সুরক্ষায় নিরাপত্তার দাবি করেন।

রিটে সঠিকভাবে সাংস্কৃতিক কার্যক্রম সুরক্ষায় এবং অননুমোদিত ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি বাধা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি, সহিংসতা, ভাঙচুর ও জবরদস্তি থেকে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, আয়োজক এবং দর্শকদের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।

পাশাপাশি রিটে কনসার্ট, সংগীতানুষ্ঠান, লোকসংগীত, বাউল গান, নাটক, সিনেমা প্রদর্শনী, নৌকাবাইচ, পহেলা বৈশাখ উদযাপন এবং অন্যান্য শান্তিপূর্ণ সাংস্কৃতিক উৎসবসহ আইনসম্মত সাংস্কৃতিক, বাদ্যযন্ত্রভিত্তিক, নাট্যভিত্তিক, সিনেমাভিত্তিক ও ঐতিহ্যবাহী কার্যক্রম সুরক্ষায় এবং অননুমোদিত বেসরকারি ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক বেআইনি বাধা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি, সহিংসতা, ভাঙচুর ও জবরদস্তি থেকে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, আয়োজক এবং দর্শকদের সুরক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে স্বাধীন সাংস্কৃতিক কর্মকাণ্ডে হুমকি, অবৈধ বাধা ও বাধার মুখে আয়োজন পণ্ড বা বাতিল করার প্রবণতা দেখা যাচ্ছে। নোটিশে সংবিধানের ৩১, ৩২, ৩৭ ও ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের শান্তিপ্রিয় সমাবেশ, শিল্প-সংস্কৃতির চর্চা এবং মতপ্রকাশের মৌলিক অধিকার রয়েছে।

আরও পড়ুন

×