ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব হলে ন্যায়বিচারের পথ সুগম হবে: আইনমন্ত্রী

বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব হলে ন্যায়বিচারের পথ সুগম হবে: আইনমন্ত্রী
×
×

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৯:৪৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ১৯:৪৩

আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি সহজ করার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপ কমানোর তাগিদ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব হলে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হবে। এ জন্য চিফ লিগ্যাল এইড অফিসারদের নিষ্ঠা, দক্ষতা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে চিফ লিগ্যাল এইড অফিসারদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে কর্মকর্তারা প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ করার এবং তাদের জীবন ও বাস্তবতা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। এ অভিজ্ঞতা তাদের পেশাগত জ্ঞানকে সমৃদ্ধ করবে, যা ভবিষ্যতে বিচারিক দায়িত্ব পালনের সময় আরও কার্যকর ও মানসম্মত রায় প্রদানে সহায়ক হবে।

তিনি আরও বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্জিত অভিজ্ঞতাই প্রকৃত শিক্ষা। আইনগত সহায়তা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে কর্মকর্তারা সাধারণ মানুষের সমস্যা ও বাস্তবতা সম্পর্কে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করছেন, তা তাদের বিচারিক উপলব্ধিকে আরও গভীর করবে।

লিগ্যাল এইডের মহাপরিচালক মঞ্জুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার জাইকা অ্যাকসেস টু জাস্টিস প্রজেক্ট-এর প্রধান উপদেষ্টা তাকুরো ফুজিওকা এবং আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম।

আরও পড়ুন

×