ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

১০ বছর সাজা খালাস চেয়ে ইনুর আপিল

১০ বছর সাজা খালাস চেয়ে ইনুর আপিল
×
×

হাসানুল হক ইনু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ০৮:৩৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ০৯:৪৮

| প্রিন্ট সংস্করণ

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে লিভ টু আপিল করা হয়েছে। পাশাপাশি রায়ও বাতিল চাওয়া হয়েছে। 

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করেছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ শুভ। তিনি সাংবাদিকদের বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব মৌখিক ও দালিলিক সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে, তাতে মানবতাবিরোধী অপরাধ তো দূরের কথা, কোনো ফৌজদারি অপরাধও প্রকাশ পায় না। তারপরও ইনুকে সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইনুর বিরুদ্ধে আনা অভিযোগের সমর্থনে প্রসিকিউশন যেসব তথ্য-উপাত্ত ও সাক্ষ্য হাজির করেছে, তা অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট নয়। এর আগে গত ৩০ জুন হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর রাষ্ট্রপক্ষ ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার দায়ে ইনুর বিরুদ্ধে তিনটি অভিযোগে তাঁকে ১০ বছর করে ৩০ বছর কারাদণ্ড দেওয়া হয়। তবে আদালত রায়ে উল্লেখ করেন, এই তিনটি সাজা একসঙ্গে চলবে। সে ক্ষেত্রে ইনুকে মোট ১০ বছর সাজা ভোগ করতে হবে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনালে ১৩ বছর আগে মতিঝিল শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলারও বিচার কার্যক্রম চলছে। 

স্বাস্থ্য পরীক্ষার জন্য ইনু ঢাকা মেডিকেলে
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার জানান, শারীরিক বিভিন্ন সমস্যার কারণে ইনুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন

×