ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

স্মরণসভায় মির্জা আব্বাস

রাজপথের খাঁটি যোদ্ধা ছিলেন সাদেক হোসেন খোকা

রাজপথের খাঁটি যোদ্ধা ছিলেন সাদেক হোসেন খোকা
×
×

মির্জা আব্বাস

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০৮:১০ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের একজন খাঁটি যোদ্ধা। তিনি কম হাসতেন, কিন্তু তিনি কথাবার্তা ও আন্তরিকতায় মানুষকে সহজেই কাছে টেনে নিতেন। তিনি অত্যন্ত সহজ-সরল ও বড় মনের মানুষ ছিলেন।

সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। গতকাল বুধবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এ স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও খোকা পুত্র ইশরাক হোসেন বক্তব্য দেন।

নিজেদের শৈশব, কৈশোর ও রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে মির্জা আব্বাস জানান, তিনি শাহজাহানপুরের এবং খোকা গোপীবাগের বাসিন্দা ছিলেন। মুক্তিযুদ্ধের দিনগুলো থেকে শুরু করে জনপ্রতিনিধি হিসেবে কাজ করা সবখানেই তারা একসঙ্গে ছিলেন।

আবদুস সালাম বলেন, সাদেক হোসেন খোকা শুধু ঢাকা মহানগরী নয়, সারা বাংলাদেশের রাজনীতিতে একজন অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধাদের অবদানের মধ্য দিয়ে পাওয়া স্বাধীন দেশে ঢাকার অন্যতম মুক্তিযোদ্ধা ছিলেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না প্রমুখ।

আরও পড়ুন

×