ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

টানা লকডাউনে অনিদ্রা দূর করবেন যেভাবে

টানা লকডাউনে অনিদ্রা দূর করবেন যেভাবে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৪:২২ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ | ১১:১৬

করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে লকডাউনেরও মেয়াদ । এদিকে লকডাউন বাড়ার সঙ্গে বাড়ছে দুশ্চিন্তাও। আবার এই দুশ্চিন্তার মধ্যেও অনেককে হোম অফিসও করতে হচ্ছে। বাড়ির কাজ করে অফিসের কাজ করতে অনেকে হিমশিম খাচ্ছেন। সব মিলিয়ে রাতে ঘুম আসছে না কিছুতেই।

মনোবিদরা বলছেন, লকডাউনের এই অস্থিরতায় একটা রুটিন বানিয়ে ফেলুন।এটা মনে রাখতে হবে, বাড়িতে বসে অফিসের কাজ করলে ঘরে থাকার স্বাভাবিক রুটিন অনেকটাই বদলে যাবে। এ কারণে এই সময়ের জন্য একটা নতুন রুটিন তৈরি করা জরুরি। এজন্য ঘুমের সময়টা্ও একটু বদলে নিতে হবে। 

বিশেষজ্ঞদের মতে, এ সময় রাত জেগে কাজ করার অভ্যাস ছাড়তে হবে। রাতে ঘুম পেলে ঘুমিয়ে পড়তে হবে। এ কয়েকদিন সকালে ওঠার জন্য ঘড়িতে অ্যালার্ম দেয়ার দরকার নেই। স্বাভাবিক ভাবেই ঘুমটা ভাঙতে দিন। এতে প্রথম কয়েকদিন ঘুমটা একটু বেশি হতে পারে। কিন্তু খুব শীঘ্রই এটা আয়ত্বে চলে আসবে। 

বিশেষজ্ঞরা বলছেন, যারা হোম অফিস করছেন তাদের দুপুরে ঘুমানো ঠিক নয়।তাহলে অফিসের কাজ তো বটেই, রাতের ঘুমও নষ্ট হয়ে যাবে। তবে আগের রাতে যদি একদমই ঘুম না হয়ে থাকে, তাহলে একটু চোখ বুজে নিতে পারেন। তবে সেটা দশ-পনেরো মিনিটের বেশি নয়।

বিশেষজ্ঞরা বলছেন, দুপুরে ঘুম এড়াতে শোওয়ার ঘরে বসে কাজ করা ঠিক নয়। তাহলে বিছানায় শুতে ইচ্ছে করতে পারে।তাই কাজের সময় শোওয়ার ঘরটা এড়িয়ে চলুন। বিছানায় নয়, বরং চেয়ার-টেবিলে বসে কাজ করুন। প্রয়োজনীয় স্টেশনারি হাতের কাছে রাখুন।অফিসে যেমন করেন তেমন ঘড়ি ধরে কাজ করুন । 

এছাড়া অনিদ্রা প্রতিরোধে দিনে কফি খাওয়ার পরিমাণ কমান। এমনিতেই অতিরিক্ত ক্যাফিন ঘুমের ব্যাঘাত ঘটায়। তাই ঘুমের সমস্যা থাকলে বিকেলের দিকে বা সন্ধ্যার পর কফি না খাওয়াই উচিত। কফির নেশা থাকলে দিনের বেলায় খান। তবে দু'তিন কাপের বেশি নয়। 

খুব ঘুমের সমস্যা হলে নিয়মিত ব্যায়াম করুন। রাতের খাবারও খুব দেরি করে খাবেন না। ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে টিভি বন্ধ করে দিন। মোবাইল ফোন এড়িয়ে চলুন। ঘরের পরিবেশ যেন যথাসম্ভব আরামদায়ক থাকে সেদিকে খেয়াল রাখুন। ঘুম না এলেও রোজ নির্দিষ্ট সময়ে শুতে যান।

অনিদ্রার অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ। তাই মনকে বোঝান, যে বিষয়গুলোর উপর আপনার কোনও নিয়ন্ত্রণ নেই, তা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই। এর পরেও ঘুম নিয়ে সমস্যা হলে কাউন্সেলিং করাতে পারেন।

আরও পড়ুন

×