ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জনদুর্ভোগ

নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জনদুর্ভোগ
×

অতিবৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জনদুর্ভোগ। ছবি: সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৪:০৫ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ১৫:৩২

অতিবৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তীব্র স্রোতে একাধিক সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। নদীভাঙনে ফসলি জমিতে বালু জমে নষ্ট হয়েছে আবাদি জমি, ভেসে গেছে শতাধিক মাছের পুকুর ও আমনের বীজতলা।

সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এসব তথ্য জানা যায়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার নাজিরপুর ও লেংগুরা ইউনিয়নের নলছাপ্রা বাজার-বালুচড়া উচ্চ বিদ্যালয় সড়ক। পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সড়কের প্রায় ১০০ ফুট অংশ ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী শিক্ষার্থী, শিক্ষক, কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া জানান, নলছাপ্রা বাজার-বালুচড়া উচ্চ বিদ্যালয় সড়কসহ ইউনিয়নের একাধিক স্থানে রাস্তা ভেঙে গেছে। চেংনী নদীর ভাঙনে প্রায় ৫০ একর ফসলি জমিতে বালু জমেছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি ছোট-বড় শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে এবং আমনের বীজতলাও নষ্ট হয়েছে।

খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল হক বলেন, পাহাড়ি ঢলের তীব্র স্রোতে গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়ে যাতায়াতের কাঁচা সড়ক ভেঙে যাওয়ার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন কাঁচা ও পাকা সড়কে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। আমনের বীজতলা ও শতাধিক মাছের পুকুরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, উপজেলার প্রধান উব্দাখালী নদীর পানি কলমাকান্দা সদর ডাকবাংলো পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলে নতুন করে প্লাবন ও নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বর্ষায় পাহাড়ি ঢলের কারণে দুর্ভোগ পোহাতে হলেও এবার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং সহায়তা চায়।
 

আরও পড়ুন

×