পদক বিক্রি করেন জিএম কাদের, অভিযোগ বিদিশার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ০৮:৫৯ | আপডেট: ২০ মার্চ ২০২২ | ০৮:৫৯
জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিনে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের নেতৃত্বাধীন 'জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া'। রোববার আয়োজিত এই আলোচনা সভায় জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সমালোচনা করে বিদিশা দাবি করেন, তিনি এরশাদের গড়া সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে রয়েছেন। এই জোটই টিকে থাকবে।
বিদিশা সিদ্দিক বলেন, লালমনিরহাটের মানুষ জি এম কাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।এসময় বিদিশা দাবি করেন, লালমনিরহাটের মানুষ তার সঙ্গে যুক্ত হচ্ছেন। লালমনিরহাট ও রংপুরবাসী এরশাদকে ভালবাসে। তারা এরশাদের দুই ছেলে রাহগীর আল মাহি সাদ ও শাহাতা জারাব এরিককেও ভালবাসে।
এদিন জাপা 'পল্লীবন্ধু পদক' বিতরণসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি এরশাদের জন্মদিন পালন করেছে। তবে এসব অনুষ্ঠানে বিদিশা আমন্ত্রিত ছিলেন না।
এর আগে এরশাদের জন্মদিন উপলক্ষে গত শনিবার রাজধানীতে খোলা গাড়িতে চড়ে র্যালি করে আলোচনার জন্ম দেন।
বিদিশা বলেন, এরশাদ মারা গেছেন দুই বছর। তার চেয়ারে বসে জি এম কাদের 'পল্লীবন্ধু পদক' দেওয়ার নামে চাঁদাবাজি করছে। জাপার পদ ৫-১০ হাজার টাকায় বিক্রি করছেন। মনোনয়ন বাণিজ্য তো আছেই। এসব করে জি এম কাদের জাপাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন।
এরশাদের শাসনামলকে স্বর্ণযুগ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিদিশা বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দেশে হাহাকার চলছে। এখনও সময় আছে, জনগণের দিকে নজর দিন। মন্ত্রিসভার রদবদল করুন। দেশে উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু উন্নয়নের নামে লুটপাটও চলছে। মানুষ শান্তি চায়। দু বেলা দু'মুঠো খেতে চায়। তাদের কথা ভাবুন।
মেজর (অব.) এম এ জে ওয়াদুদ দিদারের সভাপতিত্বে আলোনা সভায় সম্মিলিত জাতীয় জোটের নেতা গোবিন্দ প্রামাণিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
