ভয়কে জয় করে করোনা মোকাবিলা করতে হবে: ওবায়দুল কাদের
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০৯:১৩
আতঙ্কিত না হয়ে ভয়কে জয় করে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা এমন কোনো শত্রু নয়, যাকে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়ে শক্তিশালী, জাতি হিসেবেও আমরা শক্তিশালী। কাজেই ভয়কে জয় করতে হবে। এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
শনিবার দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন, সাংবাদিক ও মানুষের হাতে করোনাভাইরাস প্রতিরোধক হিসেবে মাস্ক ও হেস্কিসল তুলে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, আমার বলার কিছু নেই। একটা কথাই বলব, আমরা বীরের জাতি। করোনা আমাদের ভয়ংকর এক শত্রু। কিন্তু এমন কোনো শত্রুও নয়, যাকে পরাজিত করা যাবে না। আমাদের সম্মিলিত, সমন্বিত ও সতর্ক উদ্যোগের মাধ্যমে এই শত্রুকে পরাজিত করতে হবে। আতঙ্কিত হয়ে সমস্যার সমাধান হবে না। গুজবে কান দিলে চলবে না। স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলতে হবে। এ মুহূর্তে আমাদের সবার কাজ স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলা, বেঁচে থাকার জন্য যা যা করা দরকার, তা-ই করা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতঙ্কের মধ্যেও সকালবেলা ধানমন্ডির নির্বাচনে (ঢাকা-১০ উপনির্বাচন) ভোট দিতে এসেছেন। আমরা আমাদের কর্মসূচি সীমিত করেছি, অনেক কর্মসূচি স্থগিত করেছি। কিন্তু জীবনের সবকিছু তো থেমে থাকবে না। জীবন থাকবে, কর্ম থাকবে। মানুষেরও বেঁচে থাকতে হবে।
করোনাভাইরাস থেকে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা-সংক্রান্ত প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গুর সময়ও দেশের ডাক্তাররা তাদের উপস্থিতি ও সেবামূলক কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করেছিলেন, তারা দুঃসাধ্য সাধন করতে পারেন। আমরা তখনও দেখেছি, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। বাংলাদেশের ডাক্তাররা অনেক সাহসী। করোনা প্রতিরোধেও তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী,
যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা
আজম, এস এম কামাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও
সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব
বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য
সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।
- বিষয় :
- আওয়ামী লীগ
- ওবায়দুল কাদের
