ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রিজভীর অবিলম্বে মুক্তি চান পেশাজীবী নেতারা

রিজভীর অবিলম্বে মুক্তি চান পেশাজীবী নেতারা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩ | ১০:৩৯ | আপডেট: ১৪ মার্চ ২০২৩ | ১০:৩৯

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পেশাজীবী নেতারা।

বক্তারা বলেন, রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ। তাকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না। এ সময় তারা অবিলম্বে রহুল কবির রিজভীর মুক্তি দাবি করেন।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক সমাজের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সিনিয়র সাংবাদিক ও বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ যারা কারাবন্দি আছেন; যত দিন তাদের মুক্তি না হবে, পেশাজীবী নেতারা তত দিন রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, রিজভী আহমেদকে কষ্ট দেয়া মানে গণতন্ত্রকে কষ্ট দেওয়া, দেশের মানুষের মানবাধিকারকে কষ্ট দেওয়া। অবিলম্বে রুহুল কবির রিজভীর মুক্তি দাবি করছি। কারাগারের ভেতর এবং কারাগার থেকে আদালতে আনা-নেয়ার সময় রিজভীকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। তার মতো অসুস্থ একজন নেতাকে প্রিজনভ্যানে দাঁড় করিয়ে আনা-নেয়া করা হয়। এটা খুবই অমানবিক।

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামীতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। তারা দেশের অর্থনীতিকে শূন্যের কোটায় নিয়ে গেছে। দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। আগে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে, তারপর নির্বাচন হবে।

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকার মিথ্যা মামলায় বেগম জিয়াকে সাজা দিয়েছেন। এটা শুধু দেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ জানে।

সভার সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, সরকার রিজভী আহমেদকে ভয় পায় বলেই তাকে মুক্তি দিচ্ছে না। একজন দাগি আসামিকে যেভাবে আদালতে আনা হয়, অসুস্থ রিজভী আহমেদকেও সেভাবে আদালতে আনা হয়।

বিএনপির গণ-শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং রাশেদুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির সহ-তথ্যবিষয়ক সম্পাদক ও পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান, অধ্যাপক আমিনুল ইসলাম, সাখাওয়াত হোসেন সেলিম, শাহাদত হোসেন বিপ্লব, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম প্রমুখ। এ ছাড়াও সাবেক ছাত্রনেতা ওমর ফারুক কাউসার, জসিম শিকদার রানাসহ পেশাজীবী ও ছাত্রদলের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×