ঢাকা-১৩ আসন
৫০ শতাংশ ভোট পড়ার আশা নানকের
ভোট দিচ্ছেন জাহাঙ্গীর কবির নানক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ১১:০৪ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ | ১১:১২
ঢাকা-১৩ আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশা প্রকাশ করেছেন নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ আসনে ভোট উৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রোববার জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বাদশা ফয়সল ইন্সটিটিউটে সকাল ৯টায় ভোট দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমি আশা করছি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছে, এতেই তা প্রমাণ হয়।
এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, আপনার দেখতে পাচ্ছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধিতা করছে তারা গণতন্ত্রের বিরোধিতা করছে৷জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে যেসব বড় রাজনৈতিক দল ছিল তাদের মধ্যে যারা ভোট বর্জনের রাজনীতি করেছে, ভোট প্রতিরোধের রাজনীতি করেছে তারা দেশে থেকে বিলীন হয়ে গেছে।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা আসছেন। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ আছে। তারা আমাকে বলেছেন- এত সুন্দর পরিবেশ, আমরা অবাক হয়ে গেছি।
ভোটারদের উদ্দেশে নানক বলেন, ভোটারদের বলব, ভোট কেন্দ্র আসুন, নির্ভয়ে ভোট দিন। দেশের গণতন্ত্র রক্ষায় আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন।
