আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৫:৩৪ | আপডেট: ২৩ জুন ২০২০ | ০৫:৩৯
দেশের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার উদযাপন হয়েছে। তবে করোনাভাইরাসের সংকটের কারণে দিনটি উপলক্ষে দেশজুড়ে সীমিত পরিসরে ও সামাজিক দূরত্ব মেনে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সূর্যোদয় ক্ষণে দলের কেন্দ্রীয় ও দেশব্যাপী কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও দলের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা প্রথমে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দলের পক্ষ থেকে আরেকবার শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুল মতিন খসরু, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, শাখাওয়াত হোসেন শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুন্নাহার চাপা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ গণমানুষের মধ্য থেকে গড়ে ওঠা একটি দল। এ দেশের সব অর্জনের সঙ্গে এই দলের নাম জড়িয়ে আছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, দেশ পরিচালনার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে কয়েক দশক আগেই এদেশ দক্ষিণ কেরিয়া ও মালয়েশিয়ার মত উন্নত রাষ্ট্রে রূপান্তর হতে পারতো। আজ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশকে অদম্যগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ একটি স্ফূলিঙ্গের নাম।
আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আরও শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, মৎসজীবী লীগ, ছাত্রলীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
এদিন সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাহাবউদ্দিন ফরাজী প্রমুখ।
এ উপলক্ষে কৃষক লীগ বঙ্গবন্ধু এভিনিউর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করেছে। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল চৌধুরী, কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, একেএম আজম খান, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, নুরে আলম সিদ্দিকি হক, রেজাউল করিম রেজা, মাকসুদুল ইসলাম, আব্দুল হাকিম খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব এমদাদুল ইসলাম। পরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মৌসুমী ফল এবং করোনা প্রতিরোধে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
- বিষয় :
- আওয়ামী লীগ
- ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী