রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল চায় জাতীয় মুক্তি কাউন্সিল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৮:০৩
রাষ্ট্রায়ত্ত ২৫টি চালু পাটকল ও পাট সংশ্লিষ্ট কারখানা বন্ধের সরকারি সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই ‘গণবিরোধী’ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। সংগঠনটি বলেছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) নামে সরকার লুন্ঠনের নতুন আয়োজন সম্পন্ন করেছে।
বুধবার এক বিবৃতিতে জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম আরও বলেন, বর্তমানে দেশের পাটশিল্পের শতকরা ৯৫ ভাগ ব্যক্তিমালিকানাধীন ও লাভজনক। শতকরা ৫ ভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকল ‘লোকসান’ দিয়ে চলেছে। সরকার কথিত এই ‘লোকসান’ যে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক যোগসাজশে ঘটে চলা দুর্নীতিরই ফলাফল- সেটা বলার অপেক্ষা রাখে না। এখন গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে ২৫ হাজার শ্রমিককে কর্মচ্যুত করে পাব্লিক প্রাইভেট পার্টনারশিপের নামে লুন্ঠনের আয়োজন চলছে।
নেতারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলসহ জনগণের সম্পদ লুটপাটকারী শাসকগোষ্ঠীকে ক্ষমতা থেকে উচ্ছেদের লড়াই জোরদার করতে হবে।
- বিষয় :
- পাটকল
- জাতীয় মুক্তি কাউন্সিল