শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা
বুধবার দুপুর তিনটার দিকে নগরের ২ নম্বর গেট মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৫:৫৩ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৬:২৬
বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার দুপুর তিনটার দিকে নগরের ২ নম্বর গেট মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ‘এক দফা, এক দাবি-শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও অমানবিক। তারা বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় না নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর দায় শিক্ষামন্ত্রী এড়াতে পারেন না। তাই তার পদত্যাগের দাবিতে তারা আবারও রাজপথে নেমেছেন।
বিক্ষোভকারীরা আরও বলেন, ভারী বৃষ্টির মধ্যে পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তারা।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে হঠাৎ আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গতকাল দিনভর তাদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জরুরি বৈঠকে ডাকেন শিক্ষামন্ত্রীকে। এরপর সন্ধ্যায় সংসদে দাঁড়িয়ে নিজের মন্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে স্থগিত বা ক্ষতিগ্রস্ত পরীক্ষাগুলো আবার নেওয়ার ব্যবস্থা করা হবে।
এর আগে মঙ্গলবারও তিন দফা দাবিতে নগরের ২ নম্বর গেট এলাকায় বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে কাঁধে করে সড়কের দিকে নিয়ে যান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের ষোলশহরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা স্লোগান দিতে দিতে বোর্ডের ভেতরে প্রবেশের চেষ্টা করলে ধাক্কাধাক্কিতে প্রধান ফটক খুলে যায়। পরে কয়েকজন শিক্ষার্থী সেটি কাঁধে করে সড়কের দিকে নিয়ে যান।
এদিকে বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করাসহ তিন দফা দাবিতে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তবে সর্বশেষ খবর অনুযায়ী, সায়েন্সল্যাবে অবস্থানরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে বা সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করেছেন।