ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ১৪:৫৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ | ১৭:৩০
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) নেওয়া হয়েছে।
ওসমান হাদিকে হাসপাতালে নেওয়ার তথ্য সমকালকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, দুপুর আড়াইটার পর গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। সঙ্গে সঙ্গেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।’ তিনটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে বলে জানান তিনি।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনী প্রচারণার সময় তাঁকে গুলি করা হয়।

হাসপাতালে হাদির সমর্থকদের ভিড়
এদিকে হাদির সমর্থকরা হাসপাতালে ভিড় জমিয়েছেন। এছাড়া হাসপাতালের জরুরি বিভাগের সামনে উৎসুক জনতাও ভিড় করছেন।
হাদির সমর্থকরা জানান, নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি।
এর আগে বেলা ১১টা ৫২ মিনিটে হাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’

পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ারের সামনে গুলির জায়গাটি ঘিরে রাখা হয়েছে।
ওসমান হাদিকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন একই আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি চারটার দিকে ঢামেকে যান।

এদিকে সেখানকার নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে।
হাসপাতালে জামায়াতের আমির
এছাড়া গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদিকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে ওসমান হাদি জানিয়েছিলেন, ‘তাঁকে হত্যা, বাড়িতে আগুনসহ মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।’
ওসমান হাদি লিখেছিলেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’
- বিষয় :
- গুলি
- ইনকিলাব মঞ্চ
- ঢামেক
